ভারতের আহমেদাবাদে আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে মৃতের এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (১২ জুন) ভারতের গুজরাটের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ভয়াবহভাবে বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ ফ্লাইট। বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।
ভারতীয় গণমাধ্যম, পুলিশ ও উদ্ধারকর্মীদের বরাতে রয়টার্স জানিয়েছে, উড়োজাহাজটি বিমানবন্দরের কাছে বি জে মেডিকেল কলেজের শিক্ষার্থী হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। ভবনের ওপরের তলায় শিক্ষার্থীদের ডাইনিং স্পেস (এক সঙ্গে বসে খাবার স্থান) ছিল। দুর্ঘটনায় সেখানকার কয়েকজন শিক্ষার্থীও প্রাণ হারিয়েছেন।
উদ্ধারকর্মীদের দাবি, এখন পর্যন্ত অন্তত ৩০ থেকে ৩৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ সংখ্যা আরো বাড়বে বলে ধারণা তাদের। বলছেন, অনেকেই এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন।
দুর্ঘটনাস্থলে কর্মরত পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যে ভবনে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে সেটি চিকিৎসকদের একটি হোস্টেল ছিল। এরই মধ্যে আমরা ৭০ থেকে ৮০ শতাংশ স্থানের ধ্বংসস্তূপ সরিয়ে ফেলেছি। বাকিটাও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে।
প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটি উড্ডয়নের পর ৮২৫ ফিট উচ্চতায় পৌঁছানোর পরপরই তা আবার নিচে নামতে শুরু করে ও এক পর্যায়ে বিধ্বস্ত হয়। বোয়িং ৭৮৭-৮ মডেলের উড়োজাহাজটি ভারতের স্থানীয় সময় ১টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে। এতে ১৬৯ ভারতের, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডার ও ৭ জন পর্তুগালের নাগরিক ছিলেন।