দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর উপকূলে একটি ফেরি ডুবে অন্তত এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরো ৩০ জন নিখোঁজ রয়েছেন। দেশটির সরকার রোববার এ তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এমভি মাতুই নামের ফেরিটি শুক্রবার ভানুয়াতুর সান্তো দ্বীপ থেকে আম্বায়ে দ্বীপের উদ্দেশে রওনা হয়েছিল। ফেরিতে ৪০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। যাত্রার সময় সমুদ্র ছিল অত্যন্ত উত্তাল। তবে গন্তব্যে পৌঁছায়নি ফেরিটি।
যাত্রীদের মধ্যে ১৫ জন জীবিত আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
ভানুয়াতুর প্রধানমন্ত্রী জোথাম নাপাতের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রবল বাতাস এবং সমুদ্রপথে জারি করা সতর্কতা উপেক্ষার কারণে ফেরিটি ডুবে থাকতে পারে। ফেরিটিতে অতিরিক্ত যাত্রী বা মালামাল তোলার মতো অবহেলার ঘটনাও দুর্ঘটনার পেছনে ভূমিকা রেখে থাকতে পারে বলে জানিয়েছে সরকার। তবে ঘটনার পেছনে কোনো ধরনের অবহেলা ছিল কি-না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
দেশটির সরকার বলেছে, খোলা সমুদ্রে তল্লাশি কার্যক্রম কিছুটা কমিয়ে আনা হচ্ছে। স্রোতে জীবিতদের দক্ষিণ-পূর্ব উপকূলে ভেসে যাওয়ার সম্ভাবনা থাকায় এখন ওই এলাকায় তল্লাশি জোরদার করা হবে।
নিউ ক্যালেডোনিয়ার নুমেয়া-ভিত্তিক মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জানিয়েছে, তারা উদ্ধার অভিযানে সহায়তা করছে। রোববার সকালে ফ্রান্সের সশস্ত্র বাহিনীর একটি বিমানও অনুসন্ধান অভিযানে যুক্ত করা হয়। কেন্দ্রটি জানিয়েছে, রোববার সকালে ১২ জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।
উদ্ধার অভিযানে সহায়তা করা লুগানভিলের সংসদ সদস্য মাতাই সেরেমাইয়া জানিয়েছেন, স্রোতের টানে জীবিতদের অবস্থান দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে সরে যেতে পারে। তাই উদ্ধারকারী দল ওই এলাকায় অনুসন্ধানে বেশি গুরুত্ব দিচ্ছে।