ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
এবং তার নেতৃত্বাধীন ডানপন্থী জোট সরকারের বিরুদ্ধে তেল আবিবে হাজার হাজার মানুষ বিক্ষোভ
করেছে। ইসরায়েলি বিচার ব্যবস্থায় সংস্কারের প্রস্তাব আনায় গতকাল শনিবার (১৪ জানুয়ারি)
রাত এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। খবর সিএনএন।
এ সংস্কারে একাধিক প্রস্তাব রয়েছে। এর মধ্যে
সংসদে সুপ্রিম কোর্টের রায় বাতিল করা সহজ করবে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, শহরে
বৃষ্টিপাত সত্ত্বেও ৮০ হাজারের মতো মানুষ তেল আবিবের কেন্দ্রে হাবিমা স্কোয়ার ও আশপাশের
রাস্তায় জড়ো হয়।
ইসরায়েলি মিডিয়া অনুসারে, একইভাবে জেরুজালেমের
রাস্তায় নামে বিক্ষোভকারীরা।
রাস্তায় নামা ব্যক্তিরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির
পুতিনের সঙ্গে নেতানিয়াহুর তুলনা করেন। তারা বলেন, ইসরায়েল আধা-গণতান্ত্রিক হাঙ্গেরি
ও ধর্মতান্ত্রিক ইরানের মতো হয়ে উঠছে।
বিক্ষোভকারীরা সিএনএনকে জানান, ইসরায়েলের
ভবিষ্যৎ নিয়ে ভীত। তাই তারা রাস্তায় বেরিয়ে এসেছেন। নেতানিয়াহুকে এ বার্তা পাঠাতে
চান যে, ইসরায়েলের জনগণ গণতন্ত্র ধ্বংসের পক্ষে দাঁড়াবে না।
গত ১২ জানুয়ারি ইসরায়েলের সুপ্রিম কোর্টের
প্রেসিডেন্ট এস্থার হায়াত প্রস্তাবিত সংস্কারকে ‘আইনি ব্যবস্থার ওপর লাগামহীন আক্রমণ’
বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘বিচার ব্যবস্থার স্বাধীনতার ওপর গুরুতর আঘাত করার জন্য
পরিকল্পনাটি করা হয়েছে।’
গত সপ্তাহে ইসরায়েলের বিচার মন্ত্রী ইয়ারিভ
লেভিন একাধিক সংস্কারের ঘোষণা দেন। এ অনুসারে সুপ্রিম কোর্টের রায় বাতিল করার ক্ষমতা
পাবে দেশটির সংসদ।