ব্রাজিলের পণ্যে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের, বলসোনারোর বিচার বন্ধের দাবি

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক মাধ্যমে ট্রাম্পের এই চিঠির জবাব দিয়ে বলেন, ব্রাজিলের ওপর শুল্ক বাড়ানো হলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। তিনি দেশের বিচার ব্যবস্থায় কোনো বিদেশী হস্তক্ষেপেরও কড়া প্রতিবাদ জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল থেকে আসা পণ্যের ওপর ৫০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সেইসঙ্গে তিনি দেশটির সাবেক কট্টর-ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর চলমান বিচার বন্ধ করারও দাবি তুলেছেন। খবর রয়টার্স।

সম্প্রতি শুল্কের ব্যাপার নিয়ে পাঠানো এক চিঠিতে ট্রাম্প এই ঘোষণা দেন। এটি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর ‘আক্রমণ’ এবং ২০২২ সালের নির্বাচন উল্টে দেয়ার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বলসোনারোর বিরুদ্ধে ‘উইচ হান্টিং’ বা উদ্দেশ্যমূলক হয়রানি চালানোর অভিযোগ তুলেছেন।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক মাধ্যমে ট্রাম্পের এই চিঠির জবাব দিয়ে বলেন, ব্রাজিলের ওপর শুল্ক বাড়ানো হলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। তিনি দেশের বিচার ব্যবস্থায় কোনো বিদেশী হস্তক্ষেপেরও কড়া প্রতিবাদ জানান।

ট্রাম্প এ সপ্তাহের শুরুতেও বলসোনারোর বিচার নিয়ে লুলার সঙ্গে বাকযুদ্ধে জড়ান। তখন লুলা বলেছিলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়।’

এছাড়া বুধবার ট্রাম্প জানান, তামা আমদানির ওপর ৫০% শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবে। এই সিদ্ধান্ত ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে’ নেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এই সপ্তাহেই ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উদ্দেশে ২২টি চিঠি পাঠিয়েছেন— যেখানে জাপান, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার মতো বাণিজ্য অংশীদারদের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা আছে। তবে ব্রাজিলকে পাঠানো বার্তাটি ছিল কিছুটা বিশেষ। এতে দেশটির পণ্যের ওপর আগের ১০% শুল্কের তুলনায় অনেক বড় মাত্রার শুল্ক আরোপের হুমকি দেয়া হয়েছে।

অন্য অনেক দেশের সঙ্গে ভিন্নভাবে যুক্তরাষ্ট্রের ব্রাজিলের সঙ্গেও গত বছর বাণিজ্য উদ্বৃত্ত ছিল। অর্থাৎ যুক্তরাষ্ট্র ব্রাজিলে যে পরিমাণ পণ্য বিক্রি করেছে, তার চেয়ে কম পরিমাণ পণ্য কিনেছে।

চিঠিতে ট্রাম্প লিখেছেন, ‘ব্রাজিলের বর্তমান শাসনের গুরুতর অন্যায় সংশোধনের জন্য এই ৫০% হার প্রয়োজনীয়।’ পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি অফিসকে ব্রাজিলের ডিজিটাল বাণিজ্য অনুশীলনের ওপর তথাকথিত ‘৩০১ তদন্ত’ শুরুর নির্দেশ দেয়ার কথা জানান।

এ ধরনের তদন্ত অতীতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের আইনগত ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়েছে। ট্রাম্পের প্রথম মেয়াদেও ব্রাজিলে প্রযুক্তি কোম্পানির ওপর কর আরোপের পরিকল্পনার পর একই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছিল।

চিঠিতে ট্রাম্প অভিযোগ করেন, মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর সেন্সরশিপসহ স্বাধীন নির্বাচন ও মার্কিন নাগরিকদের বাকস্বাধীনতার ওপর সুক্ষ্ম আক্রমণ চালাচ্ছে ব্রাজিল।

‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্ম পরিচালনাকারী ট্রাম্পের কোম্পানি ট্রাম্প মিডিয়া ব্রাজিলিয়ান আদালতের সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছে।

ব্রাজিল সম্প্রতি টেসলার প্রধান ইলন মাস্কের এক্স অ্যাকাউন্টকেও অস্থায়ীভাবে নিষিদ্ধ করেছিল। গত মাসে ব্রাজিলের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সামাজিক মাধ্যম কোম্পানিগুলো তাদের প্ল্যাটফর্মে প্রকাশিত বিষয়বস্তুর জন্য দায়ী থাকবে।

আরও