বিশ্বব্যাপী লেনদেনের মাধ্যম মাস্টারকার্ড ও ভিসা রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। ইউক্রেনে রুশ হামলার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন বহুজাতিক আর্থিক সেবার প্রতিষ্ঠান দুটি। খবর বিবিসি ও রয়টার্স
বিবৃতিতে তারা জানায়, এখন থেকে তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না রাশিয়ার ব্যাংকগুলো। একই সঙ্গে অন্য দেশের ব্যবহারকারীরাও রাশিয়ার কোনো মার্চেন্ট বা এটিএমে এসব কার্ড ব্যবহার করতে পারবেন না।
ভিসা জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই রাশিয়ায় সব রকমের কার্যক্রম বন্ধ করে দিতে যাচ্ছে তারা। অন্য দেশ বা কোম্পানির ইস্যু করা কার্ড রাশিয়াতেও ব্যবহার করা যাবে না বলে জানায় প্রতিষ্ঠানটি।
২০২১ সালে মাস্টারকার্ড ও ভিসার উল্লেখযোগ্য ব্যবসা ছিল রাশিয়ায়। মাস্টারকার্ডের নিট আয়ের প্রায় ৪ শতাংশ আসে রাশিয়া থেকে। আর ইউক্রেনের অভ্যন্তরে, ভিতরে ও বাইরে পরিচালিত ব্যবসা থেকে আসে মোট আয়ের ২ শতাংশ।
ভিসা ও মাস্টারকার্ডের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
এসময় বাইডেন বলেন, তার প্রশাসন ইউক্রেনের নিরাপত্তা, মানবিক ও অর্থনৈতিক সহায়তা বাড়াচ্ছে। এছাড়া অতিরিক্ত তহবিল সুরক্ষায় কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এদিকে আমেরিকার বহুজাতিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান পেপ্যাল হোল্ডিংস ইনকরপোরেটেডও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। গতকাল শনিবার এমন সিদ্ধান্ত ঘোষণা করে প্রতিষ্ঠানটি। এছাড়া বিশ্বের বিভিন্ন আর্থিক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো রাশিয়ায় তাদের কার্যক্রম ক্রমাগতভাবে স্থগিত করে যাচ্ছে। অর্থপ্রদান সংস্থাগুলোর এ পদক্ষেপে রাশিয়াকে অর্থনৈতিকভাপে চাপে ফেলবে বলে ধারণা করা হচ্ছে।