‘আগ্রাসনের শামিল', রাশিয়ার ড্রোন গুলি করে নামালো পোল্যান্ড

পোল্যান্ডের সামরিক বাহিনী জানায়, ড্রোনগুলো একাধিকবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। রাডারগুলোতে অন্তত ১০টির বেশি ‘বস্তু’ শনাক্ত হয় এবং যেগুলো হুমকি হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলোকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

পোল্যান্ড তাদের আকাশসীমায় প্রবেশ করা রাশিয়ার একাধিক ড্রোন গুলি করে নামিয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ব্যাপক রুশ হামলার সময় এ ঘটনা ঘটে। ন্যাটো সদস্য রাষ্ট্র পোল্যান্ড এ ঘটনাকে ‘আগ্রাসনের শামিল’ বলে আখ্যায়িত করেছে। খবর রয়টার্স।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জানান, তিনি ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। টাস্ক স্থানীয় সময় আজ সকাল ৮টায় জরুরি মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেছেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পোল্যান্ডের সামরিক বাহিনী জানায়, ড্রোনগুলো একাধিকবার তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। রাডারগুলোতে অন্তত ১০টির বেশি ‘বস্তু’ শনাক্ত হয় এবং যেগুলো হুমকি হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলোকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে।

এক বিবৃতিতে সামরিক কমান্ড জানায়, ‘আমাদের আকাশসীমায় প্রবেশ করা কিছু ড্রোন গুলি করে নামানো হয়েছে। সম্ভাব্য ধ্বংসাবশেষের স্থান খুঁজে বের করতে অনুসন্ধান চলছে।‘

নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে পডলাস্কি, মাজোভিয়েৎসকি ও লুবলিন অঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। কমান্ডের বক্তব্যে জোর দিয়ে বলা হয়, ‘এটি একটি আগ্রাসী কার্যকলাপ, যা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য বাস্তব হুমকি তৈরি করেছে।‘

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য জানায়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে ব্রিফিং পেয়েছেন বলে সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্স জানান। তবে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ন্যাটোর পক্ষ থেকেও এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সীমান্তবর্তী ন্যাটো দেশগুলো—বিশেষ করে পোল্যান্ড ও রোমানিয়ায়—বেশ কয়েকবার রাশিয়ান ড্রোন ঢুকে পড়েছে। তবে ক্ষয়ক্ষতি ও ন্যাটো-রাশিয়া উত্তেজনা যাতে না বাড়ে, সেজন্য এখন পর্যন্ত এসব দেশ সচেতনভাবেই ড্রোন ভূপাতিত করা থেকে বিরত ছিল।

আরও