ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: ভাইস প্রেসিডেন্ট

২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে ইরান ও লেবাননে তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিশেষ করে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলায় অন্তত ১৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। দুই দেশে আহত হয়েছেন হাজার হাজার মানুষ

২০ আপডেট
  • ২৮ মার্চ, ২০২৬

    হরমুজ প্রণালি এড়াতে বিকল্প পাইপলাইনে তেল সরবরাহ করছে সৌদি আরব

    ব্লুমবার্গ নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হরমুজ প্রণালিকে পাশ কাটিয়ে প্রতিদিন ৭০ লাখ ব্যারেল তেল সরবরাহ করছে সৌদি আরবের পূর্ব-পশ্চিম পাইপলাইন। এটিই এ পাইপলাইনের সর্বোচ্চ সক্ষমতা। সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক ব্যক্তির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

    প্রতিবেদনে আরো বলা হয়, লোহিত সাগরের তীরে অবস্থিত সৌদি আরবের ইয়ানবু বন্দর দিয়ে অপরিশোধিত তেল রফতানির পরিমাণ বর্তমানে প্রতিদিন ৫০ লাখ ব্যারেলে পৌঁছেছে। এছাড়া দেশটি দিনে প্রায় ৭ লাখ থেকে ৯ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি পণ্য রফতানি করছে।

    অবশ্য আল জাজিরা তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তৎক্ষণাৎ কোনো সাড়া দেয়নি।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১,১৮৯

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে দেশটিতে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ১৮৯ জন নিহত হয়েছেন। এছাড়া এসব হামলায় আহত হয়েছেন আরো ৩ হাজার ৪২৭ জন।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    ইরান থেকে শিগগিরই সরে আসবে যুক্তরাষ্ট্র: ভাইস প্রেসিডেন্ট

    পডকাস্টার বেনি জনসনকে দেয়া এক সাক্ষাৎকারে ইরান যুদ্ধের বর্তমান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, ইরান অভিযানে নিজেদের সামরিক লক্ষ্যগুলোর বেশিরভাগই অর্জন করেছে যুক্তরাষ্ট্র। তবে ট্রাম্প প্রশাসন আরো কিছুদিন এ যুদ্ধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে, যাতে ইরানের সরকারকে স্থায়ীভাবে দুর্বল ও পঙ্গু করে দেয়া যায়।

    তিনি আরো বলেন, চলে আসার পর যেন দীর্ঘ সময়ের মধ্যে আমাদের আর সেখানে ফিরতে না হয়, এটাই নিশ্চিত করছেন প্রেসিডেন্ট। দীর্ঘ মেয়াদে তাদের (ইরান সরকার) শক্তি নিঃশেষ করে দেয়াই আমাদের মূল উদ্দেশ্য।

    চলমান সংঘাতের ফলে জ্বালানি তেলের (পেট্রোল) দাম বৃদ্ধির বিষয়টি স্বীকার করলেও এটি দ্রুত কমে আসবে বলেও জানান ভ্যান্স। তিনি বলেন, জ্বালানি তেলের এ মূল্যবৃদ্ধি একটি সাময়িক প্রতিক্রিয়া। শেষ পর্যন্ত এটি একটি স্বল্পমেয়াদী সংঘাত হিসেবেই গণ্য হবে।

    তিনি আরো বলেন, প্রেসিডেন্ট এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট: এক বা দুই বছর ধরে ইরানে অবস্থান করার কোনো পরিকল্পনা আমাদের নেই। আমরা আমাদের কাজ গুছিয়ে নিচ্ছি, খুব দ্রুতই সেখান থেকে চলে আসব এবং জ্বালানি তেলের দামও স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    মার্কিন-ইসরায়েলি বাহিনীর ছোটা ১২০টি ক্লাস্টার বোমা নিষ্ক্রিয় করার দাবি আইআরজিসির

    ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ১২০টি ক্লাস্টার বোমা বা গুচ্ছ বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করেছে।

    ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজের প্রতিবেদন অনুযায়ী, ফার্স প্রদেশের আইআরজিসি-র জনসংযোগ বিভাগের উপ-প্রধান জানিয়েছেন, কয়েক দিন আগে কাফরি গ্রাম ও এর আশপাশের এলাকায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার সময় বোমাগুলো ফেলা হয়েছিল।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে তুরস্ক: ইরান

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে গঠনমূলক ভূমিকা পালনের কথা জানিয়েছে তুরস্ক। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আঙ্কারা এ সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে আগ্রহী।

    সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির ফোনে কথা হয়েছে বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যেখানে যুদ্ধ বন্ধে আঙ্কারার প্রচেষ্টার জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আরাগচি।

    এর আগে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধের তীব্রতা কমাতে ২৯ ও ৩০ মার্চ ইসলামাবাদে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তুরস্কের পাশাপাশি সৌদি আরব এবং মিসরও অংশ নেবে।

    চলমান যুদ্ধ পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে পথ চলতে হচ্ছে আঙ্কারাকে। কারণ একদিকে প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে ৩০০ মাইলেরও বেশি দীর্ঘ সীমান্ত অন্যদিকে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর গুরুত্বপূর্ণ অংশীদার তুরস্ক।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    প্রতিরক্ষা সহযোগিতায় চুক্তিবদ্ধ হল কাতার ও ইউক্রেন

    কাতার ও ইউক্রেনের মধ্যে একটি দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ চুক্তির আওতায় মিসাইল (ক্ষেপণাস্ত্র) এবং ড্রোন সিস্টেম প্রতিরোধে দুই দেশ নিজেদের অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা বিনিময় করবে।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্তমানে দোহা সফরে রয়েছেন। এর আগে তিনি সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফর করেন। সেখানে তিনি জানিয়েছিলেন, নিরাপত্তা বিষয়ক একটি চুক্তির চূড়ান্ত খুঁটিনাটি নিয়ে তার দল আমিরাতের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    প্রতিবেশী দেশগুলোকে আবারো সতর্ক করল ইরান

    ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোয় সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, এসব হামলার ভয়াবহ জবাব দেবে ইরান।

    একই সঙ্গে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে আবারো সতর্কবার্তা দিয়ে ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, আপনারা যদি নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে আমাদের শত্রুদেরকে আপনাদের দেশ থেকে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবেন না।

    সূত্র- বিবিসি বাংলা

  • ২৮ মার্চ, ২০২৬

    ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বিস্তারিত ফোনালাপ হয়েছে: পাকিস্তানের প্রধানমন্ত্রী

    পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তিনি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বিস্তারিত ফোনালাপ করেছেন। তার ভাষ্য অনুযায়ী, কলটি এক ঘণ্টারও বেশি সময় ধরে চলেছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে শেহবাজ শরিফ বলেন, তিনি ইরানি প্রেসিডেন্টকে পাকিস্তানের চলমান কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে অবহিত করেছেন এবং জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে সংলাপ ও উত্তেজনা প্রশমন সহজতর করার উদ্যোগ নিচ্ছেন তারা।

    পাকিস্তান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে।

    শেহবাজ শরিফ আরো বলেন, তিনি ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং ইরানের সাহসী জনগণের প্রতি পাকিস্তানের সংহতি ব্যক্ত করেছেন।

    সূত্র- বিবিসি

  • ২৮ মার্চ, ২০২৬

    দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় তিন সাংবাদিক ও পাঁচ স্বাস্থ্যকর্মী নিহত

    একটি সামরিক সূত্রের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, দক্ষিণ লেবাননে সাংবাদিকদের বহনকারী একটি গাড়ি লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় তিন লেবানিজ সাংবাদিক নিহত হয়েছেন।

    অন্যদিকে দেশটির ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে আজ ভোরে একটি ইসরায়েলি হামলায় পাঁচজন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। 'ইসলামিক মেসেজ স্কাউটস অ্যাসোসিয়েশন' তাদের এ সদস্যদের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।

    সংস্থাটি নিহতদের নাম প্রকাশ করেছে। তারা হলেন— আদেল আতেফ কাদ্দুহ, হুসাইন আলী দারউইশ, হাসান মুসা নুর আল-দিন, আলী হাসান জাহা এবং ইব্রাহিম জাহের আবু জাইদ।

    সংস্থাটি জানিয়েছে, আজ জাওতার আল-গারবিয়া শহরে ইসরায়েলি আগ্রাসী হামলার সময় মানবিক দায়িত্ব পালনরত অবস্থায় তারা শহীদ হয়েছেন।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    ইরানে উন্নত শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া, দাবি মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের

    ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ ইরানে পাঠাচ্ছে রাশিয়া। এ বিষয়ে অবগত মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

    ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের তৈরি শাহেদ ড্রোনই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে রাশিয়া। তবে এখন এতে জেট ইঞ্জিন, এআই নেভিগেশন, উন্নত জ্যামার-প্রতিরোধী ব্যবস্থা ও ইন্টারনেট ডিভাইস যুক্ত করে আরো শক্তিশালী করেছে তারা। সেই ড্রোনই এখন তেহরানে পাঠানো হচ্ছে।

    ইউরোপীয় কর্মকর্তাদের ধারণা, আজারবাইজান হয়ে মানবিক সহায়তার নামে ট্রাকে এ ড্রোন পরিবহন করা হচ্ছে। তবে এ দাবি অস্বীকার করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

  • ২৮ মার্চ, ২০২৬

    ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি আইআরজিসির

    আইআরজিসির খাসতাম আল-আনবিয়া সদর দফতরের একজন মুখপাত্র জানিয়েছেন, ইরানি বাহিনী ওমানের সালালাহ বন্দর থেকে বেশ দূরে একটি মার্কিন সামরিক সহায়তা জাহাজকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে।

    আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা আগেও ঘোষণা করেছি, ভ্রাতৃপ্রতিম ও বন্ধুপ্রতীম দেশ ওমানের জাতীয় সার্বভৌমত্বকে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্মান করে।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    লেবাননে ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ ইসরায়েলি সেনা আহত

    দক্ষিণ লেবাননে দুটি হামলায় নিজেদের ৯ সেনা আহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে বলা হয়, শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন।

    অন্য একটি ঘটনায় আজ শনিবার ভোররাতে দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের ওপর রকেট হামলায় এক ইসরায়েলি সেনা গুরুতর ও আরও ছয়জন মাঝারি ধরনের আহত হন।

    সূত্র- আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

    কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় এর রাডার ব্যবস্থার ‘ব্যাপক ক্ষতি’ হয়েছে।

    দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনএর প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরটি বেশ কয়েকটি ড্রোন হামলার শিকার হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

    সূত্র- দ্য গার্ডিয়ান

  • ২৮ মার্চ, ২০২৬

    চার সপ্তাহ ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে ইরানিরা

    ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে ইরান এক মাস ধরে ‘ডিজিটাল অন্ধকারে’ ডুবে আছে।

    তারা আরো বলেছে, ইন্টারনেট ব্ল্যাকআউট চার সপ্তাহ ধরে চলেছে, যা ইরানিদের যোগাযোগ ও তথ্য জানার অধিকার লঙ্ঘন করছে।

    দেশজুড়ে বিক্ষোভ চলার সময় জানুয়ারিতেও ইরানের শাসকগোষ্ঠী কয়েক সপ্তাহের জন্য একই ধরনের ব্ল্যাকআউট আরোপ করেছিল।

    ইরানের কর্তৃপক্ষ একটি দ্বি-স্তরীয় ব্যবস্থা ব্যবহার করে, যেখানে শুধু শাসকগোষ্ঠীর সদস্যদের অনলাইনে প্রবেশাধিকার দেয়া হয়, আর বেশিরভাগ নাগরিককে দেশীয় ‘ন্যাশনাল ইনফরমেশন নেটওয়ার্ক’-এ সীমাবদ্ধ রাখা হয়।

  • ২৮ মার্চ, ২০২৬

    ইরান যুদ্ধ শুরুর পর প্রথমবার ইসরায়েলে হামলার দাবি হুথি গোষ্ঠীর

    ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শুরুর পর এটাই প্রথম হামলার দাবি এই সশস্ত্র গোষ্ঠীর।

    গোষ্ঠীটি জানিয়েছে, তারা ‘সংবেদনশীল ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে’ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরান, লেবানন, ইরাক ও ফিলিস্তিনি ভূখণ্ডে হামলার জবাবে এ হামলা করেছে তারা।

    তারা আরো বলেছে, সব ফ্রন্টে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

    এর আগে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা ইয়েমেন থেকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র আটকেছে।

    ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে লিখেছে, ‘ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে নিক্ষেপিত একটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, হুমকি আটকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।’

    এর কমপক্ষে ১৫ মিনিটেরও কম সময় পর আইডিএফ দেশজুড়ে মানুষকে সুরক্ষা আশ্রয় ছেড়ে বের হওয়া নিরাপদ বলে ঘোষণা করে।

    এর আগে হুথিদের একজন মুখপাত্র বলেছিলেন, ইরানে হামলা অব্যাহত থাকলে তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধে অংশ নেবে।

    বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শত্রুর ইরান, ফিলিস্তিন ও গাজা, ইরাক এবং লেবাননের বিরুদ্ধে অব্যাহত আগ্রাসনের জবাব হিসেবে এ অবস্থান নেওয়া হয়েছে।

    সূত্র: বিবিসি

  • ২৮ মার্চ, ২০২৬

    সৌদি বিমানঘাঁটিতে হামলায় এক সপ্তাহে দুই ডজনের বেশি মার্কিন সেনা আহত

    গত এক সপ্তাহে ইরানি হামলায় সৌদি আরবের একটি বিমানঘাঁটিতে দুই ডজনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। দুটি সামরিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

    সূত্রগুলো জানায়, আজ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৯টি ড্রোন নিক্ষেপ করে ইরান। এতে অন্তত ১৫ জন সেনা আহত হন, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর। এর আগে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, অন্তত ১০ সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

    গত সাতদিনে বিমানঘাঁটিটি আরো দুইবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে একটি ঘটনায় ১৪ জন মার্কিন সেনা আহত হন বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।

    সৌদি রাজধানী রিয়াদ থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত এ বিমানঘাঁটি মূলত রয়্যাল সৌদি এয়ার ফোর্স পরিচালনা করে, তবে এটি মার্কিন সেনারাও ব্যবহার করে।

  • ২৮ মার্চ, ২০২৬

    মার্কিন কূটনীতি ও ইরানে হামলা সাংঘর্ষিক: আব্বাস আরাঘচি

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, চলতি সপ্তাহেই ইরানের সঙ্গে বৈঠকে বসার আশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সেখানেই ১৫-দফা চুক্তির বিষয়ে জবাব পাওয়ার প্রত্যাশা করছে। কিন্তু ইরান বলছে, ইরানে চলমান হামলার সঙ্গে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রচেষ্টা সাংঘর্ষিক।

    দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি গতকাল অভিযোগ করেছেন, ইরানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

    তিনি জানিয়েছেন, ইরানের দুটি বড় ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র ও বেসামরিক পরমাণু স্থাপনায় হামলা হয়েছে এবং তার দেশ এর যথাযথ জবাব দেবে।

    আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের দুটি বৃহত্তম ইস্পাত কারখানা, একটি বিদ্যুৎ কেন্দ্র এবং বেসামরিক পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল।

    সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালিয়েছে বলে দাবি করছে ইসরায়েল। এ আক্রমণ কূটনীতির জন্য মার্কিন প্রেসিডেন্টের সময়সীমা বাড়ানোর সঙ্গে সাংঘর্ষিক।’

    তিনি আরো যোগ করেন, ইরান এর জন্য ‘কঠিন মূল্য আদায় করবে’।

    ইসরায়েলি সামরিক বাহিনী গতকাল ইরানের মধ্যাঞ্চলে অবস্থিত আরাক পানি পরিশোধন কেন্দ্র হামলা করেছে। যাচাই করা ছবিতে দেখা গেছে, ওই স্থাপনার রিয়্যাক্টরের কাছাকাছি আগুনের গোলা ও ধোঁয়া উঠছে।

    ইরানের পারমাণবিক শক্তি সংস্থা নিশ্চিত করেছে যে আরাক স্থাপনাটিকে দুইবার লক্ষ্যবস্তু করা হয়েছে। তবে কোনো হতাহত বা তেজস্ক্রিয় দূষণের ঘটনা ঘটেনি।

    এদিকে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ মার্কিন সেনা সদস্য আহত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম জানাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে, অন্তত দুজন সৈন্য ‘খুব গুরুতরভাবে আহত’ হয়েছেন এবং হামলার সময় তারা ঘাঁটির একটি ভবনের ভেতরে ছিলেন।

    ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান সফলভাবে এগোচ্ছে এবং যুক্তরাষ্ট্র ‘ইরানকে চূর্ণ করছে’।

    সূত্র: বিবিসি

  • ২৮ মার্চ, ২০২৬

    ইরানি ক্ষেপণাস্ত্র মজুদের এক-তৃতীয়াংশ ধ্বংসের দাবি মার্কিন গোয়েন্দাদের

    মার্কিন গোয়েন্দা বলছে, ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রা মজুদের এক-তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নিশ্চিতভাবে ধ্বংস হয়েছে। এছাড়া এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্রের অবস্থান এখনো অস্পষ্ট। তবে এগুলো বোমা হামলায় ধ্বংস বা মাটির নিচে চাপা পড়তেও পারে।

    ইরানের ড্রোন সক্ষমতাও একই পরিস্থিতির মুখে পড়েছে বলে জানান গোয়েন্দারা, মজুদের এক-তৃতীয়াংশই ধ্বংস হয়েছে। গোয়েন্দা মূল্যায়ন অনুসারে, ক্ষেপণাস্ত্র মজুদের বড় অংশ ধ্বংস হলেও মাটির নিচে চাপা বা ক্ষতিগ্রস্ত কিছু ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধার করতে পারে তেহরান।

    পেন্টাগন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রায় ৯০ শতাংশ কমেছে। মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্র, ড্রোন, নৌশিল্প ও বন্দরের ৬৬ শতাংশ উৎপাদন কেন্দ্র ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করেছে।

    ইউএস সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) ‘এপিক ফিউরি’ অভিযান শুরু হয় ২৮ ফেব্রুয়ারি। এর অধীনে ১০ হাজারের বেশি ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এছাড়া ইরানি নৌবহরের ৯২ শতাংশ বড় জাহাজ ডুবিয়ে দেয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের লক্ষ্য ইরানের সামরিক শক্তি দুর্বল এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন শিল্পকে ধ্বংস করা।

    সূত্র: রয়টার্স

  • ২৮ মার্চ, ২০২৬

    যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্প ও ইরান যুদ্ধের বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভের প্রস্তুতি

    যুক্তরাষ্ট্রজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে বড় আকারে বিক্ষোভের পরিকল্পনা করেছে ‘নো কিংস’ আন্দোলন। আজ দেশটিতে তিন হাজারের বেশি সমাবেশ হওয়ার কথা রয়েছে।

    তৃণমূলভিত্তিক আন্দোলনটি এর আগে ২০২৫ সালের জুন ও অক্টোবরে বিক্ষোভের আয়োজন করেছিল। ওই সময় যথাক্রমে প্রায় ৫০ লাখ ও ৭০ লাখ মানুষ হাজারের বেশি কর্মসূচিতে অংশ নেন।

    আয়োজকদের মতে, শনিবারের আয়োজনটি মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদগুলোর একটি হতে পারে। এতে ট্রাম্পের অভিবাসনবিরোধী কঠোর নীতি থেকে শুরু করে ইরান যুদ্ধ পর্যন্ত বিভিন্ন ইস্যুতে ক্ষোভ প্রকাশ করা হবে।

    ওয়াশিংটন ডিসি, মিনিয়াপলিস, শিকাগো ও সান ফ্রান্সিসকোয় বড় ধরনের বিক্ষোভের প্রত্যাশা করা হচ্ছে। ছোট অঙ্গরাজ্য ভরমেন্টে ৪০টির বেশি বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা জানা গেছে। এখানকার জনসংখ্যার আকার ৬ লাখ ৪৬ হাজার।

    খবর: আল জাজিরা

  • ২৮ মার্চ, ২০২৬

    সৌদি আরবে বিমানঘাঁটিতে হামলা, ১০ মার্কিন সেনা আহত

    সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১০ মার্কিন সেনা আহত হয়েছেন। তবে কোনো সেনা নিহত হননি। খবরটি নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা।

    আরেক মার্কিন কর্মকর্তা জানান, আহতদের মধ্যে অন্তত দুজনের শরীরে স্প্লিন্টারের আঘাত লেগেছে, তবে তা প্রাণঘাতী নয়। এছাড়া আরো কয়েকজন সেনা হামলায় ‘ক্ষতিগ্রস্ত’ হয়েছেন, কিন্তু তাদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে স্পষ্ট করা হয়নি।

    প্রথম সূত্রটি আরো জানায়, হামলায় একটি জ্বালানি বহনকারী ট্যাংকার উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয়েছে।

    সূত্র: সিএনএন

চতুর্থ সপ্তাহ শেষে ইরান যুদ্ধ: হতাহত, ধ্বংস ও ব্যয়ের চাপ বাড়ছে

ছবি: রয়টার্স

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার চতুর্থ সপ্তাহ পূর্ণ হচ্ছে আজ। অনিশ্চিত এ যুদ্ধ পরিস্থিতি মানবিক ও অর্থনৈতিক সংকট তৈরি করেছে। ২৮ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে ইরান ও লেবাননে তিন হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিশেষ করে ইরানের একটি বালিকা বিদ্যালয়ে মার্কিন হামলায় অন্তত ১৫০ জন শিক্ষার্থী নিহত হয়েছেন। দুই দেশে আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

ইরান ও লেবাননে ব্যাপক আক্রমণের প্রভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক অঞ্চল। বিশেষ করে সংঘাতের কারণে লেবাননে ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা আঞ্চলিক সংকটকে আরো গভীর করেছে।

ইসরায়েলি হামলায় ইরানে শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন। তবে ইরানের শাসনব্যবস্থা এখনো টিকে আছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবের মাঝেও দেশটি প্রতিরোধ ও প্রতিশোধমূলক অবস্থানে অটল রয়েছে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানে ৭ হাজার ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ১০০টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ডুবিয়েছে। একই সময়ে উপসাগরীয় অঞ্চলে একাধিক দেশের জ্বালানি স্থাপনায় আঘাত হেনেছে তেহরান। এতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ১১৫ ডলারের ওপরে উঠেছে। ফলে বিশ্বজুড়ে দেখা যাচ্ছে নতুন অর্থনৈতিক সংকট।

এদিকে যুদ্ধের ব্যয় মেটাতে অতিরিক্ত ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার চেয়েছে ট্রাম্প প্রশাসন, যা যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন চাপ তৈরি করছে।

আরও