নাইজেরিয়ায় একটি বাসে আগুন ধরিয়ে ৩০ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দেশটির পুলিশের বরাতে খবরে বলা হয়, সোকোতো প্রদেশের সাবোন বিরনি এলাকা এবং বোরনো প্রদেশের গিদান বাওয়া এলাকার মধ্যে সংযোগ স্থাপনকারী একটি সড়কে এ হামলা চালানো হয়। সশস্ত্র সন্ত্রাসীরা আগুন ধরিয়ে দেওয়ার সময় বাসটিতে ২৪ জন যাত্রী ছিল। ঘটনার পর মোট ৩০ জনের দেহাবশেষ খুঁজে পাওয়া গেছে।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় বরনো প্রদেশের পুলিশ বিভাগের মুখপাত্র সানুসি আবুবকর বলেন, আগুনের ঘটনার পর আহত অবস্থায় সাতজন নিজেদের প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধার কাজের সময় যাদের মৃতদেহ পাওয়া গেছে তাদের পরিচয় শনাক্তকরণ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দেহগুলো এতটাই পুড়ে গেছে যে চেনার উপায় নেই।