শাটডাউন চললে ৪০ বিমানবন্দরে ফ্লাইট কমাবে যুক্তরাষ্ট্র

‘আমাদের কর্মীরা এক মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না।'

ফ্লাইট কমানোর প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে— শুক্রবার ৪ শতাংশ, শনিবার ৫ শতাংশ, রোববার ৬ শতাংশ এবং আগামী সপ্তাহে ফ্লাইট কমবে ১০ শতাংশে। এতে প্রতিদিন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার ফ্লাইট বাতিল হতে পারে।

যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউন বা সরকারি অচলাবস্থা অব্যাহত থাকলে শুক্রবার থেকেই দেশটির ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইট ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে। এমন সতর্কতা জানিয়েছেন মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি। খবর বিবিসি।

ডাফি জানান, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এরইমধ্যে বিমান নিয়ন্ত্রণকর্মীদের চরম ক্লান্তি ও মানসিক চাপের সমস্যা খুঁজে পেয়েছে। এফএএ প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, ‘আমাদের কর্মীরা এক মাস ধরে কোনো বেতন পাচ্ছেন না। এ এক অস্বাভাবিক পরিস্থিতি।‘

রয়টার্সের তথ্য অনুযায়ী, ফ্লাইট কমানোর প্রক্রিয়া ধাপে ধাপে শুরু হবে— শুক্রবার ৪ শতাংশ, শনিবার ৫ শতাংশ, রোববার ৬ শতাংশ এবং আগামী সপ্তাহে ফ্লাইট কমবে ১০ শতাংশে। এতে প্রতিদিন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার ফ্লাইট বাতিল হতে পারে। ক্ষতিগ্রস্ত বিমানবন্দরগুলোর তালিকা বৃহস্পতিবার প্রকাশ করা হবে।

বর্তমানে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মী বেতন ছাড়া কাজ করছেন অথবা বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন। শ্রমিক ইউনিয়নগুলোর দাবি, অনেকেই অর্থকষ্টে অসুস্থ হয়ে পড়ছেন বা অন্য কোথাও চাকরি নিতে বাধ্য হচ্ছেন। এটাই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদি শাটডাউন অচলাবস্থা।

কংগ্রেসে ফেডারেল বাজেট নিয়ে সমঝোতা না হওয়ায় গত ১ অক্টোবর শুরু হয়েছিল শাটডাউন। তখন থেকেই বিমান নিয়ন্ত্রণকর্মীসহ প্রয়োজনীয় সরকারি কর্মীরা বেতন ছাড়াই কাজ করে যাচ্ছেন।

আরও