ফ্রান্সে গতকাল দিনভর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলোতে অবরোধ ও বিক্ষোভ চলেছে। শিক্ষার্থী ও শ্রমিক ইউনিয়নগুলো অর্থ সংকটে থাকা সরকারের কাছে বিদ্যালয়ের সমস্যা সমাধানের দাবি জানাচ্ছে। এসব বিদ্যালয়ে কর্মীর ঘাটতি আছে, অবকাঠামোও জরাজীর্ণ।
গতকাল দেশব্যাপী এ বিক্ষোভের আগে দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলেছে। প্যারিসের সুবিধাবঞ্চিত শহরতলিতে বিক্ষোভ শুরু হয়। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে। কখনো কখনো বিক্ষোভ সহিংস হয়ে উঠেছে।
বিবিসির খবরে বলা হয়, গতকাল প্যারিসসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভকালে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। শত শত শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক বা পুরোপুরি বন্ধ ছিল। ফ্রান্সের শিক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রায় ৯০০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্লাস স্থগিত করেছে। তবে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন দাবি করেছে, দেশজুড়ে প্রায় দুই হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সরকার বিক্ষোভ মোকাবেলায় দাঙ্গা পুলিশ মোতায়েন করেছে। এতে ব্যাপক ধরপাকড় হয়েছে। সংঘর্ষে বিক্ষোভকারী, পুলিশ সদস্য ও বিদ্যালয়ের কর্মীরা আহত হয়েছেন।
ফ্রান্সের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ হলেও লিয়োঁসহ কোনো কোনো জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া গেছে। পুলিশের ব্যারিকেডে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে।
ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গতকাল ফ্রান্সজুড়ে ৮৬ হাজার প্রতিবাদকারী রাস্তায় নেমেছে।
তবে এর মধ্যে প্যারিসের বিক্ষোভকারীদের অন্তর্ভুক্ত করা হয়নি। প্যারিসের বিক্ষোভে ২০-৪০ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিক্ষোভ ঘিরে এ অস্থিরতা সরকারের ওপর চাপ আরো বাড়িয়েছে। সরকার এখন ক্রমবর্ধমান বাজেট ঘাটতি কমানোর চেষ্টা করছে। ছয় মাস পরই প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর উত্তরসূরি বেছে নিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। গত কয়েক দিনে ফ্রান্সের ঋণের খরচ হু হু করে বেড়েছে। এটি এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা চলতি শতকের শুরুর দিকের পর আর দেখা যায়নি।