চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রে সেমিকন্ডাক্টর আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা আসবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ খাতের কিছু কিছু কোম্পানি ছাড় পাবে। খবর রয়টার্স।
রোববার (১৩ এপ্রিল) ওয়েস্ট পাম বিচ থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি স্থানীয়ভাবে উৎপাদন বাড়াতে প্রক্রিয়া সহজতর করতে চাইছেন। তার এ ঘোষণা থেকে বোঝা যায় চীনের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন সম্পূরক শুল্ক থেকে স্মার্টফোন ও কম্পিউটার পণ্য যে ছাড় পেয়েছিল তার মেয়াদ ক্ষণস্থায়ী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমরা আমাদের চিপ, সেমিকন্ডাক্টর ও অন্য সবকিছু আমাদের দেশেই বানাতে চাই। তবে নতুন শুল্ক আরোপ হলেও তাতে স্মার্টফোনের মতো কিছু পণ্যের ক্ষেত্রে ছাড় থাকবে কিনা তা খোলাসা করেননি ট্রাম্প। যদিও তিনি বলেছেন, খানিকটা নমনীয়তা থাকবে। তার মতে, কারোরই এতটা কঠোর থাকা উচিত না।
সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ তথ্য জানানোর আগে সেদিনই সেমিকন্ডাক্ট খাতে জাতীয় নিরাপত্তা বাণিজ্য তদন্তের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, সামনে যে জাতীয় নিরাপত্তা শুল্ক তদন্ত হতে যাচ্ছে তাতে আমরা সেমিকন্ডাক্টর ও পুরো ইলেকট্রনিক্স সরবরাহ চেইনের দিকেই নজর দিচ্ছি।
এর আগে শুক্রবার হোয়াইট হাউজ থেকে জানানো হয়, ট্রাম্পের সম্পূরক শুল্ক থেকে স্মার্টফোন ও নানান ইলেকট্রনিক্স পণ্য ও তা বানানোর উপকরণকে ছাড়ের আওতায় রাখা হয়েছে। এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ থেকে প্রযুক্তি খাতের রেহাই পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।