জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার পরিকল্পনা জানিয়েছে কানাডা। এর মাত্র ১২ ঘণ্টার মাথায় কড়া প্রতিক্রিয়া জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি করা কঠিন হয়ে গেল বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর বিবিসি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট দিয়ে ট্রাম্প লিখেছেন, ‘অবিশ্বাস্য! কানাডা এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নিয়েছে। এর ফলে তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ওহ কানাডা!!!’
ট্রাম্পের এই হুঁশিয়ারি এল এমন এক সময়, যখন তার ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ক নীতি কার্যকর হওয়ার ঠিক আগেই কানাডা এই সিদ্ধান্ত নিল। ট্রাম্প শুরু থেকেই পরিষ্কার করে দিয়েছেন, সময়মতো চুক্তি না হলে ‘উচ্চ হারে কর’ আরোপ অনিবার্য হয়ে উঠবে। ফিলিস্তিন নিয়ে কানাডার অবস্থান যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ককে নতুন করে চাপের মুখে ফেলতে পারে, তা বলাই বাহুল্য।
ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমতে, যেসব দেশ ১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করা হবে।
যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে। ফলে এসব দেশের জন্য নির্ধারিত হারে শুল্ক আরোপ হবে।
কিন্তু চীন ও মেক্সিকোসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে এখনো কোনো চুক্তি হয়নি। দেশগুলো এখন উচ্চ হারে শুল্কের মুখে পড়তে পারে।