নেদারল্যান্ডসে দেড় হাজারেরও অধিক জলবায়ুবিষয়ক বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। পশ্চিমাঞ্চলীয় হেগ শহরে সম্প্রতি একটি মহাসড়ক অবরোধের পর বিপুলসংখ্যক এ বিক্ষোভকারীকে আটক করা হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। যদিও আটকের পর অধিকাংশ বিক্ষোভকারীকেই ছেড়ে দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্সটিংকশন রেবেলিয়ন’ নামের একটি পরিবেশবাদী সংগঠন গত শনিবার এ প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে। এতে অসংখ্য জলবায়ুবিষয়ক কর্মী যোগ দেন। বিক্ষোভ চলাকালীন কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে হেগ শহরের একটি মহাসড়কে হাঁটছিলেন।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ জলকামান থেকে পানি বর্ষণ শুরু করলেও অনেকেই রেইনকোট ও সাঁতারের পোশাক পরে প্রস্তুত হয়ে বিক্ষোভে যোগ দিয়েছিলেন।
আকটকৃত বেশির ভাগ বিক্ষোভকারীকে ছেড়ে দেয়া হলেও পুলিশ বলেছে, ৪০ জনকে বিচারের আওতায় নেয়া হবে।
প্রতিবাদে অংশ নেয়া কর্মীদের মধ্যে বেশ কয়েকজন তারকাও ছিলেন। তাদের মধ্যে অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও ছিলেন, যিনি টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। ডাচ বার্তা সংস্থা এএনপি জানিয়েছে, বিক্ষোভ থেকে অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনকে আটক করা হলেও পরে তাকে ঘরে ফেরার অনুমতি দেয়া হয়।
আন্দোলনকারীরা জানিয়েছে, অবরোধ শুরুর মাত্র ১৫ মিনিটের মাথায় পুলিশ কর্মীদের বিরুদ্ধে জলকামান ব্যবহার করে। কিন্তু পুলিশ বলেছে, তারা কর্মীদের চলে যেতে বলেছিল এবং জলকামান ব্যবহার করার আগে তাদের সরে যাওয়ার সুযোগ দেয়া হয়েছিল। এ সময়ে অবরোধ থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে ১ হাজার ৫৭৯ জনকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অনেককে সড়ক থেকে উঠিয়ে বাসে তুলে নেয়া হয়। এ বিষয়ে ডাচ প্রসিকিউশন সার্ভিস জানিয়েছে, আটককৃতদের অধিকাংশেরই বিচার করা হবে না। কেননা এটি ‘ছোট অপরাধ’। এছাড়া আটকের মূল উদ্দেশ্য ছিল অবরোধের অবসান করা। তবে ভাঙচুর ও আটক আটকাতে আঘাত-সহিংসতায় অংশ নেয়া ৪০ জনকে বিচার করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এসব আটকের ঘটনা ঘটে। এরপরে শনিবার সন্ধ্যার মধ্যেই অবরোধ তুলে দিয়ে রাস্তাটি উন্মুক্ত করে দেয় পুলিশ।
জলবায়ুবিষয়ক এক্সটিংকশন রেবেলিয়ন সংস্থাটি বলছে, এদিন কমপক্ষে ছয় হাজার বিক্ষোভকারী দ্য হেগের এ১২ মহাসড়কের পাশে বিক্ষোভে অংশ নেয়। যার মধ্যে ৮০ জনের অধিক সংগীতশিল্পী ও ‘এ১২ অর্কেস্ট্রা’ গোষ্ঠীও ছিল। এ নিয়ে সপ্তমবারের মতো সংগঠনের প্রতিবাদকারীরা মহাসড়কটি অবরুদ্ধ করেছে।
অবশ্য, শহরটির মেয়রের করা নতুন নিয়মে এ রাস্তায় যেকোনো ধরনের প্রতিবাদ-বিক্ষোভ করা নিষিদ্ধ।