যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক ইরানের

পেজেশকিয়ানের বক্তব্যে আঞ্চলিক ঐক্য, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের অধিকার- এই তিনটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ‘আগ্রাসন’ মোকাবেলা ও মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার প্রচেষ্টা ঠেকাতে মুসলিম দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, মুসলিম দেশগুলোর ঐক্য, নিরাপত্তা ও উন্নয়ন জোরদারে সহযোগিতা করতে প্রস্তুত তেহরান। ইরানের রাজধানী তেহরানে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিনের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। খবর আল জাজিরা।

পেজেশকিয়ান বলেন, মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট প্রচেষ্টার বিরুদ্ধে মুসলিম দেশগুলোর একসঙ্গে কাজ করা প্রয়োজন। এক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা জোরদারে ইরান সমর্থন দিতে প্রস্তুত বলেও জানান তিনি। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও বক্তব্য দেন পেজেশকিয়ান। তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তবে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) আওতায় শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ড পরিচালনার অধিকার রয়েছে বলে মনে করে তেহরান।একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করেন ইরানি প্রেসিডেন্ট।

তার অভিযোগ, ওয়াশিংটন একদিকে ইরানের সঙ্গে আলোচনা চালায়, অন্যদিকে দেশটির ওপর ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এ ধরনের অবস্থানকে তিনি যুক্তরাষ্ট্রের ‘পরস্পরবিরোধী নীতি’ হিসেবে উল্লেখ করেন।

পেজেশকিয়ানের বক্তব্যে আঞ্চলিক ঐক্য, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পারমাণবিক কর্মকাণ্ডের অধিকার- এই তিনটি বিষয় বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি।

আরও