ক্যালিফোর্নিয়ার স্মরণকালের ভয়াবহ দাবানল

ঘণ্টায় পুড়ছে ৫ হাজার একর

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়। এতে প্রতি ঘণ্টায় ২০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায়। এতে প্রতি ঘণ্টায় ২০ বর্গকিলোমিটার এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত পার্ক ফায়ার নামে পরিচিত এ দাবানলে প্রায় ৩ লাখ ৫০ হাজার একর (১ লাখ ৪২ হাজার হেক্টর) এলাকা পুড়ে গেছে। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল।

রাজ্যের ফায়ার এজেন্সি ক্যাল ফায়ার জানিয়েছে, প্রায় আড়াই হাজার অগ্নিনির্বাপক কর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। যদিও আগুন সামান্যও নিয়ন্ত্রণে আনা যায়নি। চলতি বছরে এটিই এখন পর্যন্ত এ রাজ্যে সবচেয়ে বড় দাবানলের ঘটনা, যা নিউইয়র্ক সিটির পাঁচটি প্রশাসনিক এলাকার চেয়েও দেড় গুণের বেশি এলাকা গ্রাস করেছে।

ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিসের কমান্ডার বিলি সি বলেছেন, আগুন প্রতি ঘণ্টায় চার-পাঁচ হাজার হেক্টর জায়গা গ্রাস করছে। এটি একটুও নিয়ন্ত্রণ করা যায়নি। দাবানলটি এ গতিতে আরো ছড়াতে থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শুক্রবারের তুলনায় শনিবার আরো তিন গুণ বেশি কর্মী আগুন নেভানোর চেষ্টা করছেন। কিন্তু বাতাসের গতির তীব্রতার কারণে আগুন নেভানো সম্ভব হচ্ছে না। আগুন নেভাতে কাজ করছে কমপক্ষে ১৬টি হেলিকপ্টার। সেই সঙ্গে একাধিক এয়ার ট্যাংকার থেকে পানি ফেলা হচ্ছে।

ক্যাল ফায়ার বলেছে, খাড়া ভূখণ্ড ও বাতাসের কারণে আক্রমণাত্মকভাবে দাবানল ছড়িয়ে পড়ে। পাহাড়ের ঢাল ও অনুকূল বায়ুপ্রবাহের কারণে চরম আগুনের বিস্তার ঘটছে। যদিও এ অঞ্চলে শীতল আবহাওয়া ও উচ্চ আর্দ্রতা প্রত্যাশিত ছিল।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম শুক্রবার আগুনের কারণে বাট ও তেহামা কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

বাটের স্থানীয়দের সরিয়ে নেয়া হয়েছে। কোহাসেট থেকে অন্তত ৪০০ জনকে সরিয়ে নেয়া হয়েছে। এরই মধ্যে ১৩৪টি কাঠামো ধ্বংস হয়েছে। আরো ৪ হাজার ২০০টি কাঠামো হুমকির মুখে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই অঞ্চলে আরো জলীয় বাষ্পপূর্ণ বাতাস আসতে পারে আর তাতে তাপমাত্রা কমতে পারে। এতে দাবানল ছড়িয়ে পড়া রোধ করার প্রচেষ্টায় গতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ দাবানলের ঘটনাটি জানানো হয়েছে। তিনি দাবানল নিয়ন্ত্রণে সম্ভাব্য সবকিছু করার জন্য তার প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন।

বুধবার পার্কে ঘটা এক অগ্নিসংযোগের ঘটনা থেকেই এ দাবানলের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকোর সংকীর্ণ একটি নালায় এক ব্যক্তি একটি জ্বলন্ত গাড়ি ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর ওই গাড়ির আগুন থেকে দাবানলের সূত্রপাত, যা এখন একটি বড় বিপর্যয়ে পরিণত হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে এখন অনেক দাবানল বিরাজ করছে। এগুলোর মধ্যে ‘পার্ক ফায়ার’ সবচেয়ে বড় দাবানলে রূপ নিয়েছে। এরই মধ্যে এসব দাবানলে ২০ লাখ একরের বেশি এলাকা পুড়ে গেছে বলে দেশটির ন্যাশনাল ইন্টারএজেন্সি ফায়ার সেন্টার জানিয়েছে। ওরেগন অঙ্গরাজ্যের বিভিন্ন অংশে বেশ কয়েকটি দাবানল সক্রিয় আছে। এগুলোর মধ্যে ‘ডুরকি ফায়ার’ সবচেয়ে বড়। এটি এরই মধ্যে অঙ্গরাজ্যের পূর্বাংশের ২ লাখ ৮৮ হাজার একরেরও বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

আরও