হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমেছে ১৩ শতাংশ

১১ আপডেট
  • ১৭ এপ্রিল, ২০২৬

    হরমুজ খোলার ঘোষণায় তেলের দাম কমেছে ১৩ শতাংশ

    হরমুজ প্রণালি সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত বলে ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ইরান আর কখনোই এ প্রণালি বন্ধ না করার বিষয়ে একমত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ খবরের পর আজ শুক্রবার তেলের দাম প্রায় ১৩ শতাংশ কমেছে।

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হরমুজ প্রণালি খোলার ঘোষণার পর ব্রেন্ট ক্রুডের দাম ১২ দশমিক ৮৭ ডলার বা ১২ দশমিক ৯৫ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮৬ দশমিক ৫২ ডলারে নেমে এসেছে। অন্যদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম সাড়ে ১৩ ডলার বা ১৪ দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেল প্রতি ৮১ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।

    ইউবিএস বিশ্লেষক জিওভানি স্টাউনোভো বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য নির্দেশ করে, যতক্ষণ যুদ্ধবিরতি কার্যকর থাকবে ততক্ষণ উত্তেজনা কম থাকবে। এখন আমাদের দেখতে হবে এ প্রণালি দিয়ে চলাচলকারী ট্যাঙ্কারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় কি না।

  • ১৭ এপ্রিল, ২০২৬

    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র পাবে, দাবি ট্রাম্পের

    ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র পাবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ইরানের সব সমৃদ্ধ ইউরেনিয়াম পাবে। তিনি এই সমৃদ্ধ ইউরেনিয়ামকে ‘পারমাণবিক ধূলা’ বলে উল্লেখ করেছেন।

    তিনি আরো বলেন, কোনো অর্থই কোনোভাবে, কোনো প্রকারে বা কোনো উপায়ে লেনদেন করা হবে না এবং চুক্তিটি লেবাননের পরিস্থিতির ওপর নির্ভরশীল হবে না।

    সূত্র- আল জাজিরা

  • ১৭ এপ্রিল, ২০২৬

    লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ২,২৯৪ জনে দাঁড়িয়েছে

    লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে লড়াই শুরুর থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ২৯৪ জনে পৌঁছেছে। এ ছাড়া এসব হামলায় এ পর্যন্ত অন্তত ৭ হাজার ৫৪৪ জন আহত হয়েছেন।

    সূত্র- আল জাজিরা

  • ১৭ এপ্রিল, ২০২৬

    হরমুজ অতিক্রম করতে আইআরজিসির অনুমতি লাগবে: ইরানি সামরিক কর্মকর্তা

    ইরানের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী নৌযানগুলোর জন্য এখন থেকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অনুমতি নিতে হবে।

    আরেক ইরানি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজকে এ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেয়া হচ্ছে। তবে কোনো সামরিক যুদ্ধজাহাজকে চলাচলের অনুমতি দেয়া হবে না।

    সূত্র- আল জাজিরা

  • ১৭ এপ্রিল, ২০২৬

    হরমুজ প্রণালি উন্মুক্ত, তবে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত ও ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ইরানের বন্দরে অবরোধ বজায় রাখবে।

    ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আমাদের শতভাগ লেনদেন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত শুধু ইরানের ক্ষেত্রে নৌ অবরোধ সম্পূর্ণ বলবৎ থাকবে। এ প্রক্রিয়া ‘খুব দ্রুত এগিয়ে যাবে। কারণ অধিকাংশ বিষয় আলোচনার মাধ্যমে ঠিক হয়েছে।

    আরেক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় হরমুজ প্রণালির সব মাইন অপসারণ করছে।

    ন্যাটোর বিষয়ে তিনি দাবি করেছেন, তিনি ন্যাটো থেকে একটি ফোন কল পেয়েছেন। এমনকি হরমুজ প্রণালিতে সহায়তার জন্য তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং তাদের দূরে থাকতে বলেছেন।

    সূত্র- আল জাজিরা

  • ১৭ এপ্রিল, ২০২৬

    লেবাননে যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছে: আব্বাস আরাগচি

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর হরমুজ প্রণালি বর্তমানে উন্মুক্ত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে আরাগচি বলেন, ইসরায়েলি বাহিনী এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে আমেরিকা-মধ্যস্থতায় যে ১০ দিনের যুদ্ধবিরতি হয়েছে, এ সময়সীমার মধ্যে সব বাণিজ্যিক জাহাজের জন্য এ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

    তিনি আরো জানান, জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা ঘোষিত নির্দিষ্ট রুট বা পথ অনুসরণ করতে হবে।

    এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন, ইরান যুদ্ধ সমাপ্তির একটি চুক্তি শিগগিরই হবে। যদিও এর সময়সীমা এখনো অস্পষ্ট।

    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের অন্যতম দাবি ছিল লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা। সেই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন। বাংলাদেশ সময় আজ ভোর তিনটায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

    এর আগে ৮ এপ্রিল ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হয়। লেবাননও ওই যুদ্ধবিরতির আওতায় ছিল বলে বারবার বলে আসছিল ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানও সেটাই বলছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছিল। ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাচ্ছিল। ইরান দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত হলে গতকাল লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা আসে। এরপর আজ ইরান বলল, লেবাননে যুদ্ধবিরতির ১০ দিন হরমুজ প্রণালি উন্মুক্ত থাকবে।

    সূত্র- রয়টার্স

  • ১৭ এপ্রিল, ২০২৬

    ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আঙুল রাখার হুঁশিয়ারি হিজবুল্লাহর

    ইসরায়েল লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে হিজবুল্লাহর যোদ্ধারা ‘ট্রিগারে আঙুল রাখবেন’ বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

    লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ–নিয়ন্ত্রিত আল-মানার টেলিভিশনে প্রচারিত ইরান-সমর্থিত গোষ্ঠীটির এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংগঠনটি বলেছে, মুজাহিদিনেরা ট্রিগারে আঙুল রাখবেন। তারা শত্রুর বিশ্বাসঘাতকতা ও প্রতারণা প্রতিহত করতে প্রস্তুত।

    সূত্র রয়টার্স

  • ১৭ এপ্রিল, ২০২৬

    সাময়িক যুদ্ধবিরতি নয়, অঞ্চলজুড়ে যুদ্ধের অবসান চায় ইরান: উপ-পররাষ্ট্রমন্ত্রী

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ জানিয়েছেন, তেহরান যেকোনো ধরনের সাময়িক যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করছে এবং পুরো অঞ্চলজুড়ে যুদ্ধের একটি স্থায়ী অবসান চাচ্ছে।

    আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যেকোনো যুদ্ধবিরতিতে লেবানন থেকে লোহিত সাগর পর্যন্ত সমস্ত সংঘাতপূর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি বিষয়টিকে ইরানের জন্য একটি রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেন। তিনি আরো বলেন, আমরা কোনো সাময়িক যুদ্ধবিরতি গ্রহণ করছি না। এ সংঘাতের চক্রটি চিরতরে এখানেই শেষ হওয়া উচিত।

    হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি বলেন, জলপথটি ঐতিহাসিকভাবে উন্মুক্ত রয়েছে। এটি ইরানের জলসীমার মধ্যে অবস্থিত হলেও দীর্ঘকাল ধরে চলাচলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

    তিনি অঞ্চলটিতে অস্থিরতা তৈরির জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভিযুক্ত করে বলেন, তাদের কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য ও বৃহত্তর অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

    সূত্র- আল জাজিরা

  • ১৭ এপ্রিল, ২০২৬

    লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতির প্রভাবে কমেছে জ্বালানি তেলের দাম

    ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আজ অপরিশোধিত জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

    অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২ শতাংশ কমে ৯৮ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ৩ শতাংশ কমে ৯৩ ডলার ৫০ সেন্টে নেমে এসেছে।

    সূত্র: এফটি

  • ১৭ এপ্রিল, ২০২৬

    অবরোধ অতিক্রম করেছে ইরানের সঙ্গে যুক্ত চারটি জাহাজ

    ট্র্যাকিং ডাটা অনুযায়ী, ইরানের বন্দর থেকে ছেড়ে আসা চারটি জাহাজ যুক্তরাষ্ট্র আরোপিত অবরোধ পার হয়েছে। এর সবগুলোই কনটেইনারবাহী জাহাজ। এর মধ্যে তিনটি ইরানের পতাকাবাহী এবং আরেক জাহাজ টাভা ৪ কোমোরোসে নিবন্ধিত।

    গত সোমবার হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর করে যুক্তরাষ্ট্র। এর পর থেকে ইরানের বন্দর ছেড়ে যাওয়া জাহাজগুলোর ভারত ও চীনের বিভিন্ন গন্তব্যে যেতে দেখা যায়। অবশ্য কিছু জাহাজ তাদের ট্র্যাকার বন্ধ করে দিতে পারে বা ভুল অবস্থান দেখাতে পারে—যাকে ‘স্পুফিং’ বলা হয়।

    অন্যদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে জেনারেল ডান কেইন বলেছেন, যুক্তরাষ্ট্র ‘অবরোধ বজায় রেখেছে’। জাহাজগুলো কখন এ অবরোধ অতিক্রম করেছে—এ বিষয়ে প্রশ্ন করা হলে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তাদের ‘চেয়ারম্যানের বক্তব্যের বাইরে কিছু যোগ করার নেই।’

    সূত্র: বিবিসি

  • ১৭ এপ্রিল, ২০২৬

    ‘সমৃদ্ধ ইউরেনিয়াম’ দিতে রাজি হয়েছে ইরান, দাবি ট্রাম্পের

    সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল মার্কিন ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রকে ‘নিউক্লিয়ার ডাস্ট’ দিতে রাজি হয়েছে ইরান।

    যদি এ দাবি সত্যি হয়, তাহলে এটি ইরানের পক্ষ থেকে বড় ধরনের ছাড় হিসেবে বিবেচিত হবে এবং সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দাবি পূরণ হবে।

    ট্রাম্প বলেন, ‘তারা আমাদের সেই “নিউক্লিয়ার ডাস্ট” ফেরত দিতে রাজি হয়েছে, যা আমাদের বি-২ বোমারু বিমানের হামলার কারণে ভূগর্ভে অনেক গভীরে চাপা পড়ে গেছে।’

    এখানে ‘নিউক্লিয়ার ডাস্ট’ বলতে তিনি প্রায় ৯৭০ পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়ামকে বোঝাচ্ছেন, যা গত বছর যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর নিচে চাপা পড়ে আছে।

    ইরান বরাবরই দাবি করে আসছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। চলমান কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত। তবে ইরান কিংবা এ সংঘাতে মধ্যস্থতাকারী কোনো দেশই এখন পর্যন্ত এমন কোনো বড় অগ্রগতির কথা উল্লেখ করেনি।

    একজন সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, আলোচনায় অগ্রসর হতে তিনি কীসের জন্য অপেক্ষা করছেন। জবাবে তিনি বলেন, বিষয়টি ‘খুবই জটিল’।

    তিনি আরও বলেন, ‘আমি মনে করি না আমরা অপেক্ষা করছি। আমরা খুব দ্রুত এগোচ্ছি। এটি খুব দ্রুত ঘটতে পারে।’

    ইরান সত্যিই তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম ছেড়ে দিতে সম্মত হয়েছে কি-না, হলে কী শর্তে এবং কাকে তা হস্তান্তর করা হবে—এসব বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ। এর আগেও ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে এমন কিছু দাবি করেছেন, যা পরে পুরোপুরি ঠিক বলে প্রমাণিত হয়নি।

    সূত্র: এপি

যুদ্ধবিরতির পরও একাধিকবার হামলা করেছে ইসরায়েল: লেবানন

লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, কার্যকর হওয়ার পরও ইসরায়েলের পক্ষ থেকে একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি পক্ষ একাধিকবার হামলা করেছে। পাশাপাশি বিভিন্ন গ্রামকে লক্ষ্য করে মাঝে মাঝে গোলাবর্ষণও চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেবাননের সেনাবাহিনী নাগরিকদের প্রতি আবারো সতর্কতা জারি করে বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণাঞ্চলের গ্রাম ও শহরে ফিরে যাওয়ার ক্ষেত্রে যেন তারা সতর্কতা অবলম্বন করেন।

এর আগে দক্ষিণ লেবাননে বসবাসকারী জনগণকে ঘরে ফেরার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়েছিল, কারণ তখনো সংঘর্ষ পুরোপুরি বন্ধ হয়নি।

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ জন। ছবি: রয়টার্স

এর আগে এক ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এ যুদ্ধবিরতির আওতায় হিজবুল্লাহও রয়েছে।

ট্রাম্প আরো বলেন, আগামী এক-দুই সপ্তাহের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং লেবাননের প্রেসিডেন্ট ওয়াশিংটনে বৈঠকে বসতে পারেন।

তবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগের কয়েক ঘণ্টায় ইসরায়েল দক্ষিণ লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা গতকাল নাগাদ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৬ জন।

এ যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে অঞ্চলের বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে ইরান, কাতার ও জর্ডান।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং আগামী কয়েকদিনের মধ্যে দুই দেশের মধ্যে আরেকটি বৈঠক হতে পারে।

সূত্র: আল জাজিরা

আরও