কুয়েতে ‘বেশ কয়েকটি’ মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ সোমবার এক বিবৃতিতে কুয়েত বলেছে, এই দুর্ঘটনায় বিমানগুলো বিধ্বস্ত হলেও ক্রু সদস্যদের সবাই বেঁচে গেছেন।
ইরানি সংবাদমাধ্যম প্রেস টিভির প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, মার্কিন বিমান বাহিনীর একটি এফ-১৫ই স্ট্রাইক ইগল যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে ঘুরতে নিচের দিকে আছড়ে পড়ছে। ভিডিওর পরের অংশে দেখা যায়, বিমানটি মাটিতে আঘাত হানার আগেই পাইলটরা সফলভাবে ‘ইজেক্ট’ বা বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন এবং প্যারাশুটের সাহায্যে মরুভূমির বুকে অবতরণ করেন। ভিডিওটি যাচাই করেছে সিএনএন।
কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সাঈদ আল-আতওয়ান বলেন, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।‘ তিনি জানান, ক্রুদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তাদের শারীরিক অবস্থা পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সমস্ত ক্রু সদস্য এখন ‘স্থিতিশীল’ অবস্থায় আছেন এবং কুয়েত ঘটনাটি নিয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ‘সরাসরি সমন্বয়’ বজায় রাখছে।