যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে আলেক্স প্রেটি হত্যাকাণ্ডকে ঘিরে প্রাণঘাতী সংঘর্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই কর্মকর্তা গুলি চালিয়েছিলেন—এমন তথ্য উঠে এসেছে হোমল্যান্ড সিকিউরিটির প্রাথমিক প্রতিবেদনে। কংগ্রেসে জমা দেয়া ওই প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ধস্তাধস্তির সময় এক কর্মকর্তা বারবার চিৎকার করে বলেন, ‘ওর কাছে বন্দুক আছে’, এরপরই দুই কর্মকর্তা গুলি চালান। খবর সিএনএন।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অধীন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)–এর প্রাথমিক তদন্ত প্রতিবেদনে জানানো হয়, প্রেটিকে আটক করার চেষ্টা করা হলে তিনি প্রতিরোধ করেন এবং মাটিতে ধস্তাধস্তি শুরু হয়। ওই সময় প্রায় পাঁচ সেকেন্ডের ব্যবধানে এক বর্ডার প্যাট্রল এজেন্ট তার ব্যবহৃত গ্লক ১৯ এবং এক সিবিপি কর্মকর্তা গ্লক ৪৭ থেকে গুলি ছোড়েন।
তবে প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়নি, দুই কর্মকর্তার ছোড়া গুলিই প্রেটির শরীরে লেগেছিল কি না। ঘটনাটি ঘিরে আগে থেকেই প্রশ্ন উঠছিল, ধস্তাধস্তির সময় প্রেটির নিজের বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল কি না। তবে প্রাথমিক তদন্তে বলা হয়েছে, কর্মকর্তারা নিজেদের দপ্তর থেকে দেয়া অস্ত্রই ব্যবহার করেছিলেন। সিএনএনের ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গুলি চালানোর ঠিক আগে এক কর্মকর্তা প্রেটির কোমর থেকে তার বন্দুকটি সরিয়ে নেন।
প্রতিবেদনে আরো বলা হয়, গুলিবর্ষণের পর এক বর্ডার প্যাট্রল এজেন্ট প্রেটির বন্দুকটি নিজের হেফাজতে নেন এবং পরে তা নিরাপদে সংরক্ষণ করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পর কর্মকর্তারা প্রেটির জামাকাপড় কেটে তার ক্ষতে 'চেস্ট সিল' বা পট্টি লাগিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়ার চেষ্টা করেন। কিন্তু তার প্রায় ১০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
ঘটনার আগে এক বর্ডার প্যাট্রল কর্মকর্তাকে দু’জন নারী সিটি বাজিয়ে কাজে বাধা দেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ওই কর্মকর্তা তাদের রাস্তা ছাড়তে বললেও তারা সরে যাননি। পরে ওই নারীদের একজন ৩৭ বছর বয়সী মার্কিন নাগরিক আলেক্স জেফ্রি প্রেটির কাছে যান। এরপরই তাকে আটক করার চেষ্টা করা হয় এবং সংঘর্ষের সূত্রপাত।
এই ঘটনায় একাধিক তদন্ত চলছে। সিবিপির অভ্যন্তরীণ তদন্ত ছাড়াও হোমল্যান্ড সিকিউরিটির তদন্ত সংস্থা এবং মিনেসোটার ব্যুরো অব ক্রিমিনাল অ্যাপ্রিহেনশন পৃথকভাবে বিষয়টি খতিয়ে দেখছে। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট এলে তদন্তে আরো তথ্য যোগ হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।