গাজা শহরের কয়েকটি এলাকায় অভিযানের নামে তাণ্ডব চালানোর পর সরে গেছে ইসরায়েলি বাহিনী। শহরটির তেল আল-হাওয়া এবং এর আশপাশের এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনের বেশি ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা একে গণহত্যা বলে উল্লেখ করেছে। খবর রয়টার্স ও আল জাজিরা।
গাজা সিভিল ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গত সপ্তাহে তেল আল-হাওয়া এবং সাবরা এলাকায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত প্রায় ৬০ জন ফিলিস্তিনির মরদেহ সংগ্রহ করেছে তারা।
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে খণ্ড খণ্ড মরদেহ, পুরো পরিবারগুলোর মরদেহ রয়েছে। এমনকি একটি ঘরের মধ্যে পুড়ে যাওয়া একটি পরিবারের মরদেহও রয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়, তেল আল-হাওয়া এলাকা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের পর সেখানে বেঁচে যাওয়া লোকদের উদ্ধার করতে গাজার জরুরি পরিষেবার কর্মীরা এগিয়ে আসেন। সিভিল ডিফেন্সের দলগুলো ধ্বংসস্তূপের নিচে বহু লোকের মরদেহ খুঁজে পায়, যাদের অধিকাংশই নারী ও শিশু।
মাহমুদ বাসাল জানান, কিছু মরদেহ কুকুর খেয়ে ফেলেছে। অন্তত ৬০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকটি মরদেহ ওই এলাকায় কবর দেয়া হয় এবং বাকিগুলো নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।
এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকার গাজা সিটিতে এক সপ্তাহের তীব্র অভিযানের পর সেখান থেকে সেনা প্রত্যাহার করে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের সমর্থনে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে মধ্যস্থতাকারীদের আলোচনার মধ্যেই এ অভিযান পরিচালনা করে তেল আবিব।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা গাজা সিটিতে হামাসের সক্ষমতা ধ্বংস করার জন্য অভিযান পরিচালনা করছে। আন্তর্জাতিক আইন মেনে চলে ও বেসামরিক ক্ষতি কমাতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে তারা।
অন্যদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গাজা শহরের তেল আল-হাওয়া থেকে সন্ত্রাসী দখলদার বাহিনীকে প্রত্যাহারের পর তাদের কয়েক দিনের আক্রমণ ও তীব্র বোমা হামলার নৃশংসতা প্রকাশ পেয়েছে, গণহত্যা ও জাতিগত নির্মূলের মতো যুদ্ধাপরাধ। হামাস জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল জাতিগত নিধনে যে যুদ্ধ চালাচ্ছে, তার অবসান ঘটাতে অবিলম্বে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানায়।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হয়। এর পর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের আক্রমণে প্রায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং উপকূলীয় ঘনবসতিপূর্ণ ছিটমহলটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।