নাভালনিকে ব্যাঙের বিষ দিয়ে হত্যা করেছে রাশিয়া, অভিযোগ যুক্তরাজ্যের

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, রাশিয়ায় কারাবন্দি থাকার সময় নাভালনির দেহে বিষ প্রয়োগের সামর্থ্য, উদ্দেশ্য ও সুযোগ একমাত্র রুশ সরকারেরই ছিল। তারা নাভালনিকে একটি হুমকি হিসেবে দেখত।

রাশিয়ার সরকারবিরোধী প্রয়াত নেতা আলেক্সি নাভালনিকে ডার্ট ব্যাঙের থেকে তৈরি করা বিষ ব্যবহার করে হত্যার অভিযোগ তুলেছে ব্রিটেন। তাদের দাবি, রাশিয়াই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। খবর বিবিসি।

২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার পেনাল কলোনি কারাগারে মৃত্যু হয় ৪৭ বছর বয়সী নাভালনির। তার শরীরে পাওয়া উপাদানের নমুনা বিশ্লেষণ করে বিষ প্রয়োগের জন্য ক্রেমলিনকে দোষারোপ করছে যুক্তরাজ্য। পাশাপাশি সেইসঙ্গে সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডসও এ হত্যাকাণ্ডের জন্য রাশিয়াকে দায়ী করে যৌথ বিবৃতি দিয়েছে।

স্থানীয় সময় শনিবার জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনে (এমএসসি) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, রাশিয়ায় কারাবন্দি থাকার সময় নাভালনির দেহে বিষ প্রয়োগের সামর্থ্য, উদ্দেশ্য ও সুযোগ একমাত্র রুশ সরকারেরই ছিল। তারা নাভালনিকে একটি হুমকি হিসেবে দেখত।

তিনি আরো বলেন, নাভালনির দেহে এপিবাটিডিন পাওয়ার কোনো ব্যাখ্যা নেই। এ ধরনের বিষ ব্যবহার করে তারা (রাশিয়া) দেখিয়েছে, তাদের হাতে কতটা নিকৃষ্ট উপায় রয়েছে এবং রাজনৈতিক বিরোধিতাকে তারা কতটা ভয় পায়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি লিখেছে, নাভালনির শরীরে পাওয়া উপাদানে যে বিষ ছিল সেটির নাম এপিবাটিডিন (epibatidine)। এটি ইকুয়েডরের বিষাক্ত ডার্ট ব্যাঙ থেকে পাওয়া অত্যন্ত শক্তিশালী একটি প্রাকৃতিক অ্যালকালয়েড বিষ।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, তারা রাসায়নিক অস্ত্র কনভেনশনের ক্ষেত্রে রাশিয়ার সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার কাছে অভিযোগ করেছে।

আরও