আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া সবচেয়ে বড় বার্ষিক রাজনৈতিক সম্মেলনের আগে আইনপ্রণেতাদের তালিকা থেকে ৯ সামরিক কর্মকর্তাসহ ১৯ জনকে বাদ দিয়েছে চীন। দেশটির সর্বোচ্চ আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্থায়ী কমিটি এ অপসারণের ঘোষণা দিয়েছে। তবে এর কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। খবর বিবিসি।
প্রেসিডেন্ট শি জিনপিং তার শীর্ষ জেনারেল ও ঘনিষ্ঠ সামরিক মিত্র ঝাং ইউশিয়াকে পদ থেকে সরিয়ে দেয়ার মাত্র কয়েক সপ্তাহ পরই এ ঘটনা ঘটল।
ক্ষমতায় আসার পর থেকে প্রেসিডেন্ট শি দুর্নীতির বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছেন। তবে সমালোচকদের মতে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করার হাতিয়ার হিসেবে এ অভিযানকে ব্যবহার করা হচ্ছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অপসারিতদের মধ্যে রয়েছেন পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) গ্রাউন্ড ফোর্সের কমান্ডার লি চিয়াওমিং ও পিএলএ নৌবাহিনীর সাবেক কমান্ডার শেন জিনলং।
তালিকায় রয়েছেন আরো কয়েকজন সামরিক কর্মকর্তা ও প্রাদেশিক পর্যায়ের কর্মকর্তারা। এর মধ্যে রয়েছেন ইনার মঙ্গোলিয়া অঞ্চলের সাবেক পার্টি প্রধান সান শাওচং।
শৃঙ্খলা ও আইনের গুরুতর লঙ্ঘনের অভিযোগে ঝাংকে তার পদ থেকে সরানোর কয়েক সপ্তাহ পরেই এ নতুন পদক্ষেপ নেয়া হলো। এর আগে গত অক্টোবরে এক অভিযানে ৯ শীর্ষ জেনারেলকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছিল। ওই সময় কর্তৃপক্ষ জানিয়েছিল, এটি তাদের দুর্নীতিবিরোধী অভিযানের অংশ।
২০১৩ সালে ক্ষমতায় আসার পরপরই শি জিনপিং টাইগারস অ্যান্ড ফ্লাইস নামক দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। উচ্চ ও নিম্ন উভয় স্তরের কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো এ অভিযানকে তিনি শাসনের মূল স্তম্ভে পরিণত করেছেন।
রাজধানী বেইজিংয়ে শুরু হতে যাওয়া চীনের আইনসভা এনপিসির বার্ষিক সভা এবং দেশের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা চাইনিজ পিপলস পলিটিকাল কনসালটেটিভের বার্ষিক সম্মেলনে কয়েক হাজার প্রতিনিধির অংশ নেয়ার কথা রয়েছে।
আগামী ৪-১১ মার্চ পর্যন্ত চলবে এ ‘টু সেশনস’ সম্মেলন। সেখানে চীন সরকার পঞ্চবার্ষিকী পরিকল্পনা ঘোষণা করবে। এতে মূল নীতিগত লক্ষ্য, অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বার্ষিক অর্থনৈতিক লক্ষ্যমাত্রাও ঘোষণা করবে।