চীনা শিক্ষার্থীদের ভিসা কঠোরভাবে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি চীন ও হংকং থেকে আসা শিক্ষার্থীদের ভিসা যাচাই প্রক্রিয়া আরো জোরদার করা হবে। বৃহস্পতিবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানায়।
স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত এক বিবৃতিতেও একই কথা বলা হয়েছে।
রুবিও এক্সে দেয়া তার পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে। এদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত। আর মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রকাশিত বিবৃতিটির শিরোনাম—‘নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চীনকে নয়’।
বিবৃতিতে বলা হয়, চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে। এই শিক্ষার্থীদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত থাকবেন।
এই সিদ্ধান্তের অংশ হিসেবে ভবিষ্যতে চীন ও হংকং থেকে আগত ভিসা আবেদনকারীদের কঠোরভাবে যাচাই-বাছাই করা হবে। এরইমধ্যে যুক্তরাষ্ট্রের সব দূতাবাসকে শিক্ষার্থী ভিসার সাক্ষাৎকার গ্রহণ বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও বিশেষভাবে যাচাই করা হবে বলে জানা গেছে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় ২ লাখ ৮০ হাজার চীনা শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে চীনারা ছিল সংখ্যাগরিষ্ঠ। তবে সাম্প্রতিক বছরগুলোতে কভিড-১৯ মহামারী ও যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে অবনতি ঘটায় সংখ্যাটি কমেছে। এই নতুন নীতির ফলে বহু শিক্ষার্থী ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে।
এদিকে, চীনা কর্তৃপক্ষ সরাসরি শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে এখনো প্রতিক্রিয়া না জানালেও, তারা যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৈধ অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে।