ভারতের মণিপুর রাজ্যের কাংপোকপি জেলায় সন্ত্রাসী হামলায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আগুনে পুড়ে গেছে অন্তত সাতটি বাড়ি। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে জেলার কুকি-অধ্যুষিত সাইতু-গামফাজল সাবডিভিশনের লইবোল খুলেন গ্রামে অজ্ঞাত বন্দুকধারীরা এ হামলা চালায়। খবর দ্যা হিন্দু।
স্থানীয় কুকি-জো জনগোষ্ঠীর শীর্ষ সংগঠন কুকি ইনপি মণিপুর (কেআইএম) এক বিবৃতিতে দাবি করেছে, এ হামলায় ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড এবং এর 'প্রক্সি' হিসেবে পরিচিত জেলিয়াংরং ইউনাইটেড ফ্রন্টের কামসন গোষ্ঠীর সদস্যরা জড়িত। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি।
বিবৃতিতে কেআইএম বলেছে, এ নিন্দনীয় সহিংসতায় তিনজন নিরীহ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তারা হলেন লেথখোংগাম হাওকিপ, তার স্ত্রী টিনমারি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ। এছাড়াও সাতটি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে, পাশাপাশি বেসামরিক সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
সংগঠনটি আরো বলেছে, নিরস্ত্র মানুষ হত্যা এবং ঘরবাড়ি ধ্বংস করা মানবাধিকার ও মানবিক মর্যাদার গুরুতর লঙ্ঘন। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা কোনো পরিস্থিতিতেই গ্রহণযোগ্য নয়। সেইসঙ্গে ঘটনাটির দ্রুত তদন্ত করে দোষীদের গ্রেফতার এবং দ্রুত বিচার নিশ্চিতে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা।
সংগঠনটি আরো বলেছে, সংবেদনশীল গ্রামগুলোকে সুরক্ষিত রাখতে এবং নিরীহ নাগরিকদের ওপর ভবিষ্যতে হামলা ঠেকাতে জরুরি ব্যবস্থা নিতে হবে।