ভারতে বাস-লরির সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গিয়েছিল। তবে বাসের চালক যান্ত্রিক ত্রুটির দাবি করেছেন, যা এখন তদন্তাধীন

ভারতের অন্ধ্র প্রদেশে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই লরির সংঘর্ষের পর আগুন লেগে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ ভোরে ঘটে যাওয়া এ ঘটনায় ২৫ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। খবর এনডিটিভি।

স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মার্কাপুরমের রায়ভারাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। হরিকৃষ্ণ ট্রাভেলসের একটি বাস তেলেঙ্গানার নির্মল থেকে অন্ধ্র প্রদেশের নেল্লোরে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি লরির সঙ্গে সংঘর্ষ হলে বাসটিতে আগুন ধরে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়েন।

প্রথমে আটজনের মৃত্যুর খবর জানানো হলেও উদ্ধারকাজের পর নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়ায়। কয়েকজন যাত্রী আগুনে পুড়ে মারা গেছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাসটিতে মোট ৪১ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে প্রায় ২৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অন্তত পাঁচজনকে গুনটুর সরকারি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে গিয়েছিল। তবে বাসের চালক যান্ত্রিক ত্রুটির দাবি করেছেন, যা এখন তদন্তাধীন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডিও সহায়তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও