গ্রিসে দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে দুই কর্মী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনিশ পাইলট এবং অন্যজন গ্রীক ফায়ার সার্ভিসের লিয়াজোঁ অফিসার। সংঘর্ষের পর দ্বিতীয় হেলিকপ্টারটিতে থাকা একজন ব্রিটিশ পাইলট ও গ্রীক সমন্বয়কারী অল্পের জন্য বেঁচে যান।
গতকাল রোববার এথেন্স থেকে প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে অ্যাটিকা-বোয়োটিয়া সীমান্তে দাবানল নেভানোর সময় এ দুর্ঘটনা ঘটে। গ্রিক ফায়ার সার্ভিস জানিয়েছে, অস্ট্রেলিয়ার ম্যাকডারমট অ্যাভিয়েশন থেকে ইজারা নেয়া দুটি বেল হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, বেল ব্র্যান্ডের একটি হেলিকপ্টারের পাখার সঙ্গে অন্যটির আঘাত লাগলে সেটিতে আগুন ধরে যায় এবং গভীর গিরি খাতে ভেঙে পড়ে। দুর্ঘটনার পর দেশটির সব বেল হেলিকপ্টার উড্ডয়ন বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয় হেলিকপ্টারটির ব্রিটিশ পাইলট ও গ্রীক কর্মকর্তা সামান্য আহত হলেও নিরাপদ জরুরি অবতরণ করতে সক্ষম হন। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের জন্য তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। জীবিত উদ্ধার হওয়া দুজনকেই তাৎক্ষণিকভাবে উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রীসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিস এবং ম্যাকডারমট অ্যাভিয়েশনের প্রতিষ্ঠাতা জন ম্যাকডারমট গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।