টানা পঞ্চম দিনের শুনানি শেষে পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইমরান খানের মন্ত্রিসভাসহ দেশটির সংসদ বহালের ঘোষণা দিয়েছেন। এমন নাটকীয় মোড়ে গদি হারানোর সম্ভাবনা বেড়েছে পাকিস্তান তেহরিক-এ ইনসাফ (পিটিআই) প্রধানের। তার বিরুদ্ধে খারিজ হয়ে যাওয়া অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে কাল শনিবার। তার আগেই নিজেকে পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন বিরোধী জোটের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ।
বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরীফকে মনোনয়নও দেয়া হয়ে গেছে।
গণমাধ্যমে কথা বলার সময় নিজেও এ কথা বলেন শাহবাজ। তার ভাষ্য, যদি আগামীকাল পার্লামেন্টে অনাস্থা ভোটে ইমরান খানকে পরাজিত করা যায়, তাহলে বিরোধী জোটের পক্ষ থেকে তিনি পরবর্তী প্রধানমন্ত্রী পদপ্রার্থী।
এদিকে, পাকিস্তানের সর্বোচ্চ আদালত ইমরান খানের মন্ত্রিসভাসহ দেশটির সংসদ বহালের ঘোষণাকে নিজেদের বিঝয় হিসেবে দেখছে বিরোধীরা। আগামীকালও তারা পার্লামেন্টে জয়ী হবে বলে ধারণা করছেন। যার মানে দাঁড়ায়, ক্ষমতা থেকে ইমরানকে সরিয়ে দেয়া হবে।
ইতোমধ্যে, ক্ষমতাসীন জোটের কয়েকজন সদস্য সমর্থন সরিয়ে নেয়ায় পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা হারিয়েছে ইমরান খানের সরকার। দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ইমরান সরছেন, এমন আগাম ধারণায় জাতীয় সরকারের মতো নতুন ফেডারেল সরকার গঠনের চিন্তা করছে বিরোধীদলগুলো। এতে আনুপাতিক হারে শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে এর মেয়াদ ছয় মাস অথবা এক বছর রাখার বিষয়টি বিবেচনাধীন।
খবরে আরো বলা হয়, এ সময়ের মধ্যে নির্বাচনী সংস্কার ও জবাবদিহি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইন পাস হতে পারে। সাধারণ নির্বাচন অনুষ্ঠানের আগে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনকে যৌক্তিক সময় দেয়া হবে।