মূখ্যমন্ত্রী পদে থাকতে হলে ভোটে জিততেই হবে, এমন চ্যালেঞ্জ খুব সহজেই উৎরে যাচ্ছেন মমতা বন্দোপাধ্যায়।
পশ্চিমবঙ্গের ভবানীপুরে বিধানসভা উপনির্বাচনে তৃনমূল নেত্রী মমতা বন্দোপ্যাধ্যায় এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীর চেয়ে বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
আনন্দ বাজার পত্রিকা জানিয়েছে, ১৬ রাউন্ড গণনা শেষে এ পর্যন্ত ৪২ হাজার ২শ ৯২ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল নেত্রী। এপর্যন্ত তার প্রাপ্ত ভোট ৬২হাজার ৭শ ৬০। প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ২০ হাজার ৪শ ৬৮।
এরআগে বিধানসভা নির্বাচনে নিজ আসন ছেড়ে তৃনমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় লড়েছিলেন পূর্ব মেদিনীপুরে, বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ঘরের আসনে। সেখানে ১ হাজার ৯শ ৫৬ ভোটে পরাজিত হন তিনি। তবু দল জিতলে তিনিই হন রাজ্যের মূখ্যমন্ত্রী।
সংবিধান অনুযায়ী মূখ্যমন্ত্রী হতে বাধা না থাকলেও শর্ত হলো ৫ নভেম্বরের মধ্যে কোনো আসনে তাকে ভোটে জিততে হবে। এজন্য মূখ্যমন্ত্রীর নিজ আসন ভবানীপুরে তৃণমূলের জয়ী প্রার্থী শোভন দেব পদত্যাগ করলে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচনের দিন ঠিক হয়।