গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে ইসরায়েল সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হামাসকে এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানিয়েছেন। নইলে পরিস্থিতি আরো খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন ট্রাম্প। খবর এপি।
সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার আগে ট্রাম্প বলেন, ‘আমার প্রতিনিধিরা আজ ইসরায়েলিদের সঙ্গে গাজা নিয়ে ফলপ্রসূ বৈঠক করেছেন। ইসরায়েল যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তে সম্মত হয়েছে।‘
তিনি জানান, চূড়ান্ত প্রস্তাব কাতার ও মিসরের মাধ্যমে হামাসের কাছে পৌঁছানো হবে এবং এটিই ‘সবচেয়ে ভালো এবং চূড়ান্ত প্রস্তাব’।
হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার এবং যুদ্ধ সমাপ্তির দাবি জানিয়ে আসলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল বলেছে, হামাসকে আত্মসমর্পণ ও নিরস্ত্র হতে হবে।
এই প্রস্তাব এমন সময় এল যখন গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬,০০০। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের মতে, এই সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
এদিকে, ইসরায়েলি বিমান হামলায় খান ইউনিসে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। মানবিক সহায়তার অপ্রতুলতা এবং খাদ্যের জন্য হাহাকার চলতে থাকায় ১৫০টির বেশি আন্তর্জাতিক সংস্থা ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ ব্যবস্থার সমালোচনা করে তা বাতিলের দাবি তুলেছে।
ট্রাম্প আশাবাদী যে, আগামী সপ্তাহে নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগেই একটি চুক্তি হতে পারে।