ইহুদিবিদ্বেষী হামলার অভিযোগে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল অস্ট্রেলিয়া

দেশটির গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান মাইক বার্গেস জানিয়েছেন, তাদের সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, অন্তত দুটি এবং সম্ভবত আরো কয়েকটি হামলার পেছনে ইরানি সরকারের সরাসরি হাত ছিল।

অস্ট্রেলিয়া সরকার সিডনি ও মেলবোর্নে ইহুদিদের ওপর পরিচালিত ইহুদি-বিদ্বেষী হামলার অভিযোগ এনে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়ার মাটিতে এই হামলাগুলো ছিল একটি বিদেশী রাষ্ট্রের দ্বারা পরিচালিত বিপজ্জনক আগ্রাসী কর্মকাণ্ড। খবর রয়টার্স।

দেশটির গোয়েন্দা সংস্থা অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের প্রধান মাইক বার্গেস জানিয়েছেন, তাদের সংস্থা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, অন্তত দুটি এবং সম্ভবত আরো কয়েকটি হামলার পেছনে ইরানি সরকারের সরাসরি হাত ছিল।

এই পদক্ষেপের ফলে ইরানি রাষ্ট্রদূত আহমেদ সাদেগি এবং আরো তিন কর্মকর্তাকে সাত দিনের মধ্যে অস্ট্রেলিয়া ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। এই বিষয়ে ইরান এখনো কোনো মন্তব্য করেনি।

বার্গেস বলেন, ‘ইরান তাদের জড়িত থাকার বিষয়টি আড়াল করার চেষ্টা করেছে। কিন্তু গোয়েন্দা সংস্থার তদন্তে জানা গেছে, গত বছরের ২০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আডাস ইসরায়েল সিনাগগে হামলার পেছনে তারাই ছিল।‘

দুটি হামলায় কেউ আহত হয়নি।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম অস্ট্রেলিয়া কোনো রাষ্ট্রদূতকে বহিষ্কার করল। তিনি আরো বলেন, তেহরানের সঙ্গে কিছু কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা হলেও কর্মীদের নিরাপত্তার জন্য ইরানে অবস্থিত তাদের দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তিনি অস্ট্রেলিয়ার নাগরিকদের ইরান ভ্রমণ না করার এবং যারা বর্তমানে সেখানে আছেন, তাদের নিরাপদে দ্রুত দেশটি ছেড়ে আসার আহ্বান জানিয়েছেন।

আলবানিজ বলেছেন, তার সরকার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে।

আরও