কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি খাতে পুনর্বিন্যাসের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ইন্টেলে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে এনভিডিয়া। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী সিলিকন ভ্যালির এ দুই প্রতিষ্ঠানের একযোগে কাজ করার সিদ্ধান্ত প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। খবর এফটি।
পিসি ও ডাটা সেন্টারের জন্য নতুন চিপ তৈরির উদ্দেশ্য থেকে এ চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চুক্তি অনুযায়ী, এনভিডিয়া প্রতিটি ২৩ ডলার ২৮ সেন্ট মূল্যে ইন্টেলের মোট ৫ বিলিয়ন ডলারের শেয়ার কিনবে। এ সংক্রান্ত ঘোষণা আসার পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) প্রি-মার্কেট লেনদেনে ইন্টেলের শেয়ারদর ২৯ শতাংশ বেড়ে ৩২ ডলারে পৌঁছয়, যা গত বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। এদিন এনভিডিয়ার শেয়ারদরও ৩ শতাংশ বেড়েছে।
অন্যদিকে এনভিডিয়ার বর্তমান সিপিইউ অংশীদার আর্মের শেয়ারমূল্য প্রি-মার্কেট লেনদেনে ৫ শতাংশ কমেছে। গত মাসে আর্মের মূল হোল্ডিং কোম্পানি জাপানি প্রতিষ্ঠান সফটব্যাংকও ইন্টেলের শেয়ারে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছিল।
একই সঙ্গে নিউইয়র্কে প্রি-মার্কেট লেনদেনে বৃহস্পতিবার তাইওয়ানি চিপ নির্মাতা কোম্পানি টিএসএমসির শেয়ারমূল্যে পতন হয়েছে আড়াই শতাংশ। আর প্রসেসরের বাজারে ইন্টেলের প্রধান প্রতিদ্বন্দ্বী এএমডির শেয়ারদর কমেছে ৪ শতাংশ।
দুই প্রতিষ্ঠানের মধ্যে সাক্ষরিত চুক্তির আওতায় ইন্টেল এনভিডিয়ার জন্য কাস্টম সিপিইউ তৈরি করবে, যা এনভিডিয়ার এআই ডাটা সেন্টার প্ল্যাটফর্মে যুক্ত হবে। পাশাপাশি পিসি চিপ উন্নয়নের জন্য একটি আলাদা প্রকল্পও থাকবে।
এআই সার্ভার বাজারে জায়গা করে নিতে ব্যর্থ ইন্টেলকে সরিয়ে ২০২০ সালে বিশ্বের সবচেয়ে বেশি মূল্যের চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে এনভিডিয়া। সাম্প্রতিক সময়ে ইন্টেল লোকসানের মধ্য দিয়ে গেলেও প্রতিষ্ঠানটিকে যুক্তরাষ্ট্রের চিপ নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত মাসেই ইন্টেলের ১০ শতাংশ শেয়ার কিনে নেয় যুক্তরাষ্ট্র সরকার। ওয়াশিংটনের ভাষ্য হলো, যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর ঠিক এক মাসের মাথায় প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের ঘোষণা দিল এনভিডিয়া। তবে এ সংক্রান্ত যৌথ ঘোষণায় এনভিডিয়ার চিপ তৈরির জন্য ইন্টেলের ফাউন্ড্রি ব্যবহারের কথা বলা হয়নি।
ইন্টেলে বিনিয়োগের ঘোষণা দেয়ার পর নিউইয়র্কে প্রি-মার্কেট লেনদেনে এনভিডিয়ার শেয়ারদর বেড়েছে ৩ শতাংশ ছবি: রয়টার্স
এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সহযোগিতা এবং দুটি বিশ্বমানের প্ল্যাটফর্মের মেলবন্ধন। যেখানে ইন্টেলের সাধারণ উদ্দেশ্যকেন্দ্রিক চিপের সঙ্গে এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটকে (জিপিইউ) যুক্ত করা হবে।’
তিনি বলেন, ‘আমরা একসঙ্গে আমাদের ব্যবসায়িক ইকোসিস্টেমের সম্প্রসারণ ঘটাবো এবং পরবর্তী প্রজন্মের কম্পিউটিং যুগের ভিত্তি তৈরি করব।’
এ বিষয়ে ইন্টেলের প্রধান নির্বাহী লিপ বু ট্যান বলেন, ‘আমাদের প্রতি আস্থা রাখার জন্য জেনসেন ও এনভিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা গ্রাহকদের জন্য নতুন উদ্ভাবনে একসঙ্গে কাজ করতে এবং ব্যবসা বাড়াতে আগ্রহী।’