সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। তাদের একজন সৌদি এবং অন্যজন ভারতীয় নাগরিক। বুধবারের এ হামলায় আহত হয়েছেন আরো আটজন। বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)। খবর আল জাজিরা।
এর আগে বুধবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনায় আঘাত হানার চেষ্টা করা ড্রোন প্রতিহত করে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বাহিনী ও সৌদি আরব-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন অবকাঠামোয় ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি।
এর আগে গত ১১ অক্টোবর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হন বলে জানিয়েছিল সৌদি সরকার। এর আগের দিন, ১০ অক্টোবর, একই বিমানবন্দরে পৃথক আরেকটি হামলায় ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন বলে জানিয়েছিল দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এদিকে হুথিদের বাহিনীর অব্যাহত হামলার মধ্যে বুধবার সৌদি আরবে অবস্থিত নিজেদের কূটনৈতিক মিশনগুলো থেকে মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের আরো কয়েকটি দেশে মার্কিন মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস সৌদি আরবে হুতি বাহিনীর আরও হামলার আশঙ্কা জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে।