আরব সাগরে ৫ ক্রুসহ নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

জানা গেছে, বিমানটি নিখোঁজ হওয়ার আগে চালক নেভিগেশন সিস্টেমে ত্রুটির কথা জানিয়েছিলেন।

সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের উদ্দেশে ছেড়ে আসা একটি পাকিস্তানি কার্গো বিমান আরব সাগরের ওপর নিখোঁজ হয়েছে। বিমানটিতে পাঁচ ক্রু সদস্য ছিলেন। তাদের সন্ধানে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচি যাওয়ার পথে কে-২ এয়ারওয়েজের বিমানটির নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

জানা গেছে, বিমানটি নিখোঁজ হওয়ার আগে নেভিগেশন সিস্টেমে ত্রুটির কথা জানিয়েছিলেন চালক। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টা ১৮ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

ফ্লাইটরাডার২৪ এর তথ্যানুযায়ী, যোগাযোগের শেষ মুহূর্তে বিমানটি এক মিনিটেরও কম সময়ে প্রায় ৫ হাজার ফুট নিচে নেমে যায়। এরপর পরের ৩০ সেকেন্ডে আবার প্রায় ৬ হাজার ফুট ওপরে ওঠে।

পরে ৩৬ হাজার ৫৫০ ফুট উচ্চতা থেকে বিমানটি প্রায় খাড়াভাবে নিচে নামতে শুরু করে। সর্বশেষ এটি করাচি থেকে প্রায় ২৮৭ কিলোমিটার পশ্চিমে শনাক্ত হয়। তখন এর অবতরণের গতি ছিল ঘণ্টায় প্রায় ৪০০ কিলোমিটার।

নিখোঁজ বিমানটির সন্ধানে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজ, একটি বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনীর দুটি বিমান তল্লাশি চালাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো ধ্বংসাবশেষ কিংবা ক্রদের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন।

আরও