নাইজেরিয়ার সরকারের অনুরোধে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেটের (আইএস) লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, অঞ্চলটিতে আইএস সদস্যরা মূলত খ্রিষ্টান সম্প্রদায়কে লক্ষ্য করে হামলা চালাচ্ছিল। খবর বিবিসি।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আজ রাতে কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসআইএস সন্ত্রাসীর বিরুদ্ধে একটি শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প বলেন, আইএসআইএল যোদ্ধারা প্রাথমিকভাবে নির্দোষ খ্রিষ্টানদের লক্ষ্যবস্তু করে নৃশংসভাবে হত্যা করেছে, যা বহু বছর এমনকি শতাব্দীর মধ্যেও দেখা যায়নি! আমি এর আগে সন্ত্রাসীদের সতর্ক করেছিলাম, তারা যদি খ্রিষ্টানদের হত্যা বন্ধ না করে, তাহলে তাদের চরম মূল্য দিতে হবে। আজ রাতে সেটাই হয়েছে।
আফ্রিকায় মার্কিন সামরিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আফ্রিকা কমান্ড (আফ্রিকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, বিমান হামলাটি ‘নাইজেরীয় কর্তৃপক্ষের অনুরোধে’ চালানো হয়েছে। এতে ‘একাধিক আইএস সন্ত্রাসী’ নিহত হয়েছে।
নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার সকালে এক বিবৃতিতে নিশ্চিত করেছে, নাইজেরীয় কর্তৃপক্ষ ‘সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থার মোকাবেলায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাঠামোগত নিরাপত্তা সহযোগিতায় নিয়োজিত রয়েছে।’ মন্ত্রণালয় আরো জানিয়েছে, উত্তর-পশ্চিমে বিমান হামলার মাধ্যমে সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে নিখুঁতভাবে আঘাত করা সম্ভব হয়েছে।