সামরিক ও কৌশলগত জোট ন্যাটোর সদস্যপদের জন্য তুরস্কের দেয়া শর্ত পূরণে ছয় মাস সময় চেয়েছে সুইডেন। শনিবার তুরস্কের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। খবর মিডল ইস্ট আই।
সংশ্লিষ্ট কর্মকর্তার বরাতে বলা হয়, ন্যাটোতে নিজেদের অন্তর্ভুক্তি নিশ্চিতে আঙ্কারার দেয়া শর্ত পূরণ করতে পারে—এমন আইন প্রণয়নে তুরস্কের কাছে আরো সময় চেয়েছে স্টকহোম।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন। তিনি বলেন, আঙ্কারার দাবি পূরণে স্টকহোমকে আরো পদক্ষেপ নিতে হবে। সামনে তুরস্কের নির্বাচন থাকায় দ্রুত বিষয়টির একটি মীমাংসা হওয়া উচিত।
তিনি আরো বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুইডেনের সাংবিধানিক সংশোধনী ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। কিন্তু সংশোধনী অনুযায়ী সংশ্লিষ্ট আইনে আরো পরিবর্তন আসতে কিছুটা সময় লাগতে পারে। সেক্ষেত্রে আগামী জুন পর্যন্ত তাদের সময় লাগতে পারে।