হোয়াইট হাউজ ক্ষুব্ধ হলেও নোবেলজয়ী মাচাদোর সঙ্গে ফোনালাপ ট্রাম্পের

‘আজ নোবেল বিজয়ী আমাকে ফোন করে বললেন— আমি এই পুরস্কার আপনার সম্মানে নিচ্ছি, কারণ প্রকৃতপক্ষে আপনি এটির প্রাপ্য।'

নোবেল পুরস্কার জেতার তীব্র আকাঙ্ক্ষা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। বিশেষ করে সম্প্রতি গাজায় তার শান্তি পরিকল্পনা গতি পাওয়ার পর তার সমর্থকরা আশা করেছিলেন তিনি এবার এই পুরস্কার পাবেন।

মারিনা কোরিনা মাচাদোকে এ বছর নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্তের সমালোচনা প্রকাশ্যেই করেছে হোয়াইট হাউজ। নোবেল কমিটির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগও এনেছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে নোবেল শান্তি পুরস্কারজয়ী মাচাদোর সঙ্গে ফোনে কথা বলেছেন। খবর সিএনএন।

নরওয়েজিয়ান নোবেল কমিটি ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকারের প্রচার এবং 'একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ন্যায্য ও শান্তিপূর্ণ রূপান্তরের জন্য তার সংগ্রামের' স্বীকৃতিস্বরূপ মাচাদোকে ২০২৫ সালের এই সম্মাননা প্রদান করে।

অন্যদিকে, নোবেল পুরস্কার জেতার তীব্র আকাঙ্ক্ষা ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের। বিশেষ করে সম্প্রতি গাজায় তার শান্তি পরিকল্পনা গতি পাওয়ার পর তার সমর্থকরা আশা করেছিলেন তিনি এবার এই পুরস্কার পাবেন। পুরস্কার ঘোষণার পরপরই হোয়াইট হাউসের এক মুখপাত্র স্টিভেন চুং সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে যে, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি প্রাধান্য দেয়।‘

তবে সন্ধ্যায় ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো স্প্যানিশ সংবাদপত্র এল পাইস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে তার ফোনালাপের কথা নিশ্চিত করেন। পরে ট্রাম্পও শুক্রবার সন্ধ্যায় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজ নোবেল বিজয়ী আমাকে ফোন করে বললেন— আমি এই পুরস্কার আপনার সম্মানে নিচ্ছি, কারণ প্রকৃতপক্ষে আপনি এটির প্রাপ্য। দারুণ সৌজন্য দেখিয়েছেন মাচাদো।‘

ট্রাম্প রসিক ভঙ্গিতে যোগ করেন, ‘আমি বলিনি—তাহলে পুরস্কারটা আমাকে দিন! কিন্তু তিনি সত্যিই খুব ভালো ছিলেন।’

মাচাদোও শুক্রবার পুরস্কার গ্রহণের পর এক পোস্টে ভেনেজুয়েলার দুঃখী জনগণ এবং 'আমাদের প্রতি সমর্থনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প'-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার নোবেল পুরস্কার উৎসর্গ করেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজসহ একদল আইনপ্রণেতা এর আগে মাচাদোকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছিলেন। তবে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা নোবেল কমিটি ট্রাম্পকে উপেক্ষা করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। ভেনেজুয়েলার জন্য ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল ঘোষণা করেন, 'নোবেল পুরস্কার কয়েক বছর আগেই মরে গেছে।'

অন্যদিকে, অপ্রত্যাশিতভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের পক্ষে মন্তব্য করে বলেন, 'বর্তমান মার্কিন প্রেসিডেন্ট নোবেল পুরস্কারের যোগ্য কিনা, আমি জানি না। তবে তিনি বহু বছর ধরে চলতে থাকা জটিল সংকট সমাধানে সত্যিই অনেক কিছু করছেন।' পুতিনের এই মন্তব্যের জন্য ট্রাম্প সামাজিক মাধ্যমে তাকে ধন্যবাদও জানিয়েছেন।

আরও