জার্মানির মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয়বারের মতো বিমানবন্দরটি বন্ধ করে দিয়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আবারো রহস্যময় ড্রোন দেখা যাওয়ার সন্দেহে এই ব্যবস্থা নেয়া হয় বলে বিমানবন্দর এক বিবৃতিতে জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আকাশসীমায় রহস্যময় ড্রোন উড্ডয়নের সাম্প্রতিক ঘটনাবলীর মধ্যে এটি সর্বশেষ সংযোজন। খবর এপি।
বৃহস্পতিবার রাতেও একই কারণে ১৭টি ফ্লাইট বাতিল এবং ১৫টি ফ্লাইট অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেয়া হয়। প্রায় তিন হাজার যাত্রী এতে ভোগান্তিতে পড়েন।
জার্মান ফেডারেল পুলিশ ঘটনাটি তদন্ত করছে। তারা হেলিকপ্টারসহ নানা উপায়ে ড্রোন শনাক্তের চেষ্টা করলেও কোনো প্রমাণ পায়নি। যাত্রীদের অনেককে বিমানবন্দরের ভেতরে রাখা হয়। তাদের জন্য খাবারের ব্যবস্থা করে কর্তৃপক্ষ।
সম্প্রতি জার্মানি ছাড়াও বেলজিয়ামের একটি সামরিক ঘাঁটির ওপর বহু ড্রোন দেখা গেছে। ইউরোপের কয়েকটি দেশজুড়ে এ ধরনের ড্রোন ওড়ার ঘটনা বেড়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে রাষ্ট্রীয় পক্ষ থেকে শুরু করে অপরাধী চক্র—যে কেউ থাকতে পারে।
ইউরোপীয় নেতারা পরিস্থিতি মোকাবেলায় সম্মিলিত ড্রোন প্রতিরক্ষা পরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছেন।