ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
ডেলসি রদ্রিগেজ আরো জানান, ভূমিকম্পে কারাকাসের উত্তরে লা গুয়াইরা রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে কয়েক ডজন ভবন ধসে পড়েছে। তিনি ওই অঞ্চলকে ‘দুর্যোগ এলাকা’ এবং ‘প্রকৃত ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছিল, ভূমিকম্পে ৩২ জন নিহত এবং ৭০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত রাতে পরপর দুটি ভূমিকম্পের আঘাতে ক্ষতিগ্রস্ত কারাকাসসহ বিভিন্ন এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে। সম্ভাব্য আফটারশক বা ক্ষতিগ্রস্ত ভবন ধসে পড়ার আশঙ্কা থাকায় অনেকেই রাস্তায় তাঁবুতে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার খোলা আকাশের নিচে গদি, মাদুর বা চাদর পেতে রাত কাটাচ্ছেন।
ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্বেগ আরো বেড়েছে। বিশেষ করে দীর্ঘস্থায়ী সংকটের কারণে দেশ ছেড়ে যাওয়া ৭৭ লাখের বেশি ভেনেজুয়েলান তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উৎকণ্ঠায় রয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বুধবার ভেনেজুয়েলার একই এলাকায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে রাজধানী কারাকাসে বহু ভবন ক্ষতিগ্রস্ত ও ধসে পড়ে এবং দেশের প্রধান বিমানবন্দর বন্ধ করে দিতে হয়।