জাপানে ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, নিখোঁজদের খোঁজে চলছে অভিযান

জাপানের দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে গতকাল বিকালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। খবর এপি।

জাপানের দক্ষিণের প্রধান দ্বীপ কিউশুর কুমামোতো অঞ্চলে গতকাল বিকালে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তাকাইচি আজ সকালে বলেন, এখনো অনেক মানুষ উদ্ধারের অপেক্ষায় আছেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। যত বেশি মানুষকে সম্ভব উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।

নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে চলমান তাপপ্রবাহের মধ্যে ক্ষতিগ্রস্তদের নিজ স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকার আহ্বান জানান।

উদ্ধারকর্মীদের সঙ্গে অভিযানে যোগ দিয়েছে জাপানের সশস্ত্র বাহিনী। তারা গুরুতর ক্ষতিগ্রস্ত একটি শপিং মলে উদ্ধারকাজে অংশ নিচ্ছে, পাশাপাশি পানি সরবরাহ ও রোগীদের স্থানান্তরেও সহায়তা করছে। সরকার ক্ষতিগ্রস্ত এলাকায় খাবার ও অন্যান্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানোর প্রস্তুতিও নিচ্ছে বলে জানান তাকাইচি।

ভূমিকম্পে কুমামোতোর কাশিমা টাউনের এইয়ন মলের দ্বিতীয় তলা ধসে পড়ে, এতে বেশ কয়েকজন আটকা পড়েন বলে দমকল বিভাগ জানিয়েছে। প্রাদেশিক কর্মকর্তারা জানান, গ্যাস লিক থেকে বিস্ফোরণের খবরের তদন্ত চলছে।

এদিকে নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ইয়াতসুশিরো কারখানার একটি চিমনি ধসে পড়েছে। সেখানে যার ধ্বংসস্তূপের নিচে অনেক আটকা পড়েছেন। আজ সকাল পর্যন্ত সেখানে সাতজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত এবং দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাটি রাজধানী টোকিও থেকে প্রায় ৯০০ কিলোমিটার (৫৪০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, কাছাকাছি থাকা তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো অস্বাভাবিকতা পাওয়া যায়নি।

দেশটির বার্তা সংস্থা কিয়োদো নিউজ জানিয়েছে, ইয়াতসুশিরো শহরের একটি হাসপাতালে প্রায় ৪০ জন আহতকে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রায় ৫০ জনকে কুমামোতো শহরের একটি হাসপাতালে নেয়া হয়েছে।

কিউশুর অনেক বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান গতকাল কার্যক্রম স্থগিত রাখে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না পাওয়ায় আজ থেকে আবার উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে।

ভূমিকম্পের পর পরই আসো কুমামোতো বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেয়া হয়েছে। কবে থেকে আবার চালু হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

ইয়াতসুশিরো স্টেশনে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশে উল্টে পড়ে। এছাড়া জনপ্রিয় পর্যটনকেন্দ্র কুমামোতো ক্যাসলের পাথরের দেয়ালেরও ক্ষতি হয়েছে। ২০১৬ সালের ভয়াবহ ভূমিকম্পে দুর্গটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এখনো এর সংস্কারকাজ চলছে।

২০১৬ সালে কুমামোতোয় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন।

জাপান আবহাওয়া সংস্থার কর্মকর্তা শিনজি কিয়োমোতো বাসিন্দাদের আগামী দুই থেকে তিন দিন সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ সময়ের মধ্যে আরো আফটারশক হতে পারে।

আরও