যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আবাসিক এলাকায় ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে নয় আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী। খবর বিবিসি।
স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রেস্টহেভেন এলাকার কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এলাকাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্র মার-এ-লাগো থেকে প্রায় ৯ মাইল দূরে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের ছবিতে আবাসিক এলাকার একটি সড়কের মাঝখানে বড় গর্ত দেখা গেছে। সেখানে আগুন জ্বলছিল। ছড়িয়ে-ছিটিয়ে ছিল কংক্রিটের টুকরো ও উড়োজাহাজের ধ্বংসাবশেষ।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এক বিবৃতিতে জানিয়েছে, লিয়ারজেট ৬০ মডেলের উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে উড্ডয়ন করে, গন্তব্য ছিল বাহামা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন ও ফ্লাইটের গতিবিধি বিশ্লেষণে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি সেকেন্ডে কয়েকশ ফুট গতিতে নিচে নেমে আসছিল।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে উড়োজাহাজ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে পাইলটের কথোপকথনের অডিও রেকর্ড করা হয়। এতে পাইলটকে বলতে শোনা যায়, উড়োজাহাজটি প্রতি মিনিটে ১০ হাজার ফুট গতিতে নিচে নামছে।
এরপর পাইলট জরুরি পরিস্থিতির কথা জানান। তিনি চিৎকার করে বলেন, ‘আমরা অতিরিক্ত গতিতে নিচে নামছি, প্রতি মিনিটে ২০ হাজার ফুট।’
নিয়ন্ত্রণকক্ষকে পাইলট আরো বলেন, ‘আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি...আমাদের হাতে আর সময় নেই।’
সত্যতা যাচাই করা যায়নি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিওটিতে দেখা যায়, আবাসিক এলাকাটির সড়কে গাড়ি চলাচল করছে। হঠাৎ প্রায় খাড়াভাবে নিচে নেমে এসে মাটিতে আছড়ে পড়ে উড়োজাহাজটি। এরপরই বিশাল অগ্নিগোলকের সৃষ্টি হয়।
দুর্ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ‘ভিডিওটি দেখলে গা শিউরে ওঠে। মনে হয়, যেন একটি ক্ষেপণাস্ত্র নিচে নেমে আসছে। এরপরই বিশাল বিস্ফোরণ ঘটে, চারদিকে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ।’
বিধ্বস্ত উড়োজাহাজে কারা ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ডিস্যান্টিস বলেন, ‘এখন পর্যন্ত মাটিতে থাকা কারো নিহত বা আহত হওয়ার খবর আমরা পাইনি।’
যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি এ দুর্ঘটনাকে ‘ভয়াবহ মর্মান্তিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন।
পাম বিচ কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মিলিটারি ট্রেইল নামের ছয় লেনের একটি সড়কে দুর্ঘটনাটি ঘটে। সড়কটির পাশে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও খাবারের দোকান রয়েছে।
সংবাদ সম্মেলনে গভর্নর ডিস্যান্টিস ও স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্ঘটনাস্থলের কাছের একটি মোবাইল হোম পার্ক এলাকা থেকে প্রায় ৬০০ বাসিন্দাকে সরিয়ে নেয়া হচ্ছে।
তারা আরো জানান, উড়োজাহাজ আছড়ে পড়ার অভিঘাতে এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে পানির সরবরাহ লাইনও রয়েছে। সড়কটি আবার চালু করতে অন্তত ৩০ দিন সময় লাগতে পারে।
দুর্ঘটনার সময় ওই এলাকায় বজ্রঝড় হচ্ছিল বলে খবর পাওয়া গেছে। সংবাদ সম্মেলনের সময়ও সেখানে ভারি বৃষ্টি হচ্ছিল।
গতকাল সকালে ট্রাম্প মার-এ-লাগোতে ছিলেন। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে কাছের একটি বিমানবন্দর থেকে এয়ার ফোর্স ওয়ান উড়োজাহাজে চড়ে তিনি সেখান থেকে রওনা হন।