চলমান প্রচণ্ড
তাপপ্রবাহের মধ্যেই খোলা জায়গায় একটি সরকারি অনুষ্ঠান আয়োজন
করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্য। ওই অনুষ্ঠানে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যুর খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস
বলেছেন, একটি খোলা মাঠে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হচ্ছিল। ওই
অনুষ্ঠানেই হিটস্ট্রোকে ১১ জন মারা গেছেন।
অনুষ্ঠানে আরো অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে
জানিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ড। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে তাদের দেখতে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এ ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে
নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
মহারাষ্ট্রের নভি মুম্বাইতে আয়োজিত ওই অনুষ্ঠানে
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীসহ উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
অমিত শাহ।
এনডিটিভির খবরে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলে ঘটনার দিন ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড রোদের মধ্যে সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয়েছে বেলা ১টায়। এ আয়োজনে যোগ দিয়েছে হাজার হাজার মানুষ।