ইসরায়েল জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনে তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলা হুদায়দা, রাস ইসা ও সাইফ বন্দরে হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ওই এলাকাগুলোর বাসিন্দাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে সতর্কতা জারি করেছিল। খবর বিবিসি।
রোববার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, হামলার লক্ষ্যগুলোর মধ্যে বাণিজ্যিক জাহাজ গ্যালাক্সি লিডারও ছিল। ২০২৩ সালে হুতি বিদ্রোহীরা জাহাজটি দখল করে নেয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক জলসীমায় অন্যান্য নৌযান পর্যবেক্ষণের কাজে ব্যবহার করছিল বলে ইসরায়েলের অভিযোগ।
হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। সেগুলো ভূপাতিতের চেষ্টা করা হয়েছে। ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ফলাফল পর্যালোচনা করা হচ্ছে বলে জানানো হয়।
হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি গণমাধ্যম জানায়, ইসরায়েলি হামলায় হুদায়দা বন্দর আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েল কাটজ বলেছেন, এই হামলা অপারেশন ব্ল্যাক ফ্ল্যাগ-এর অংশ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইয়েমেনের পরিণতি তেহরানের মতোই হবে। কেউ ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করলে তাকেও ক্ষতিগ্রস্ত হতে হবে। কেউ হাত তুললে, সেই হাত কেটে ফেলা হবে।‘
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে এবং লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে আক্রমণ করছে।