অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে বিক্ষোভে অংশ নেয়ার দায়ে অভিনেতা ইমরান খানকে আগামী ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। খবর এএনআই।

আমির খানের ভাগনে ইমরান খান যুক্তরাষ্ট্রের নাগরিক। মুম্বাইয়ের খার এলাকায় বসবাস করেন তিনি। তার কাছে ভারতের ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড রয়েছে।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা কিরিট সোমাইয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। তার অভিযোগ, মুম্বাইয়ের সেন্ট্রাল এলাকার আগস্ট ক্রান্তি ময়দানে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়ে ইমরান ওসিআই কার্ডের শর্ত লঙ্ঘন করেছেন।

বার্তা সংস্থা এএনআইকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ওসিআই কার্ডধারী অভিনেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাকে নোটিশ দেয়া হয়েছে। বলিউড

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় নাগরিক না হয়েও বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে ইমিগ্রেশন আইনের ২৯ ও ৭ নম্বর ধারায় ব্যবস্থা নেয়া হয়েছে।

আগস্ট ক্রান্তি ময়দানে ওই বিক্ষোভ চলাকালে পুলিশ প্রায় ৪০০ জনকে আটক করে। তাদের মধ্যে ছিলেন ইমরান খান, তার বান্ধবী লেখা ওয়াশিংটন, মা নুসরাত এবং ভাগনি জেইন (মারি)।

আটকের পর একটি ভিডিওতে জেইন অভিযোগ করেন, পুলিশ সদস্যরা তার ওপর হামলা চালিয়েছেন এবং তাকে ধাক্কাধাক্কি করেছেন। এ সময় শরীরে আঘাতের চিহ্নও দেখান তিনি।

ইমরান খানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মুম্বাইয়ের গামদেবী থানায় অভিযোগ করেছিলেন বিজেপি নেতা কিরিট সোমাইয়া। পরে স্থানীয় পুলিশ অভিযোগটি এফআরআরওর কাছে পাঠায়। সোমাইয়া ইমরানকে অবিলম্বে গ্রেফতার ও ভারত থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন। তার অভিযোগ, রাজনৈতিক বিক্ষোভে অংশ নিয়ে ইমরান ওসিআই কার্ডের বিধান ও ভিসার শর্ত লঙ্ঘন করেছেন। সোমাইয়া ওই বিক্ষোভকে অবৈধ রাজনৈতিক আন্দোলন হিসেবে উল্লেখ করেন।

তিনি দাবি করেন, বিক্ষোভে ইমরানের দেয়া বক্তব্য এবং এর আগে তার করা মন্তব্যের বিষয়ে পুলিশের কাছে প্রমাণ জমা দিয়েছেন। পাশাপাশি ইমরানের নাগরিকত্ব যাচাই করার জন্য মুম্বাই পুলিশের প্রতি আহ্বান জানান তিনি। ওসিআই কার্ডধারী কোনো বিদেশি নাগরিক রাজনৈতিক আন্দোলনে অংশ নিতে পারেন কি না, সেই প্রশ্নও তোলেন বিজেপির এই নেতা।

গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সোমাইয়া ইমরানের কর্মকাণ্ডকে ‘রাজনৈতিক চরমপন্থা’ হিসেবে বর্ণনা করেন এবং তার বিরুদ্ধে ওসিআই মর্যাদার অপব্যবহারের অভিযোগ তোলেন।

সোমাইয়া বলেন, ভারতের নাগরিকেরা ইমরান খান সাম্প্রতিক সময়ে দেশে অবস্থানকালে যে রাজনৈতিক চরমপন্থা প্রদর্শন করছেন, তা মেনে নিতে পারেন না। তিনি ওসিআই কার্ডধারী একজন মার্কিন নাগরিক। তা সত্ত্বেও তিনি নিজের মর্যাদার অপব্যবহারের চেষ্টা করেছেন। আজ আমরা বিক্ষোভে তার দেয়া বক্তব্য এবং এর আগে করা মন্তব্যসহ তার আচরণের বিষয়ে সব প্রমাণ পুলিশের কাছে জমা দিয়েছি।

আরও