প্রতিবেশী ইন্দোনেশিয়ার বনাঞ্চলে আগুনের কারণে সৃষ্ট ধোঁয়াশায় বায়ুদূষণ অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। এ পরিস্থিতিতে মালয়েশিয়ার কয়েকটি রাজ্য ও ফেডারেল অঞ্চলে শুক্রবার স্কুল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স,
দেশটির শিক্ষামন্ত্রী ফাদলিনা সিদেক বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে জানান, মালয় উপদ্বীপের জোহর, মালাক্কা, নেগেরি সেমবিলান ও সেলাঙ্গর রাজ্যে স্কুল বন্ধ থাকবে। রাজধানী কুয়ালালামপুর ও প্রশাসনিক কেন্দ্র পুত্রাজায়াতেও স্কুল বন্ধ থাকবে। এ ছাড়া পাহাং রাজ্যের রমপিন জেলাতেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, তীব্র বায়ুদূষণের কারণে সৃষ্ট পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখতে রাজ্য ও জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। প্রয়োজন হলে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে তাদের।
সরকারি তথ্য অনুযায়ী, শুক্রবার সকালে দেশটির ৩৭টি এলাকায় বায়ুদূষণ সূচক অস্বাস্থ্যকর পর্যায়ে ছিল।
ইন্দোনেশিয়ার বিভিন্ন প্রদেশে বন ও জমিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এসব আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশগুলোতে। এর ফলে মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে ঘন ধোঁয়াশা তৈরি হয়েছে।
এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ধোঁয়াশা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো। এ কাজে ইন্দোনেশিয়াকে সহযোগিতা করার প্রস্তাবও দিয়েছে মালয়েশিয়া।
আনোয়ার আরো জানান, ধোঁয়াশা পরিস্থিতি মোকাবেলায় আঞ্চলিক সমন্বয় বাড়াতে তিনি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য দেশগুলোর মন্ত্রীদের বৈঠক আয়োজনের উদ্যোগ নিতে বলেছেন।
ইন্দোনেশিয়ার আগুনের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণ এখন আর শুধু দেশটির অভ্যন্তরীণ সমস্যা নয়। প্রতিবেশী দেশগুলোতেও এর প্রভাব পড়ায় পরিস্থিতি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের চেষ্টা চলছে।