উত্তর পাকিস্তানে ভারি বৃষ্টিতে সৃষ্ট হঠাৎ বন্যায় মৃতের সংখ্যা গত ৪৮ ঘণ্টায় অন্তত ৩২১ জনে পৌঁছেছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ৩০৭ জনই পাহাড়ী প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বাসিন্দা। খবর দ্য গার্ডিয়ান।
এছড়া, পাকিস্তান শাসিত কাশ্মীরে আরো ৯ জন নিহত হয়েছেন। আর উত্তরের গিলগিট-বালতিস্তানে মারা গেছেন ৫ জন। বেশিরভাগ মানুষ মারা গেছেন হঠাৎ বন্যা ও ধসে যাওয়া বাড়ির নিচে চাপা পড়ে।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য কয়েক ঘণ্টার মধ্যে আরো ভারি বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্রদেশীয় সরকার পাহাড়ি জেলা বুনের, বাজৌর, স্বাত, শাংলা, মানসেরা ও বাত্তাগ্রামকে প্রলয়বিধ্বস্ত এলাকা হিসেবে ঘোষণা করে বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।
ক্ষতিগ্রস্ত নয় জেলার ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাচ্ছেন প্রায় ২,০০০ উদ্ধারকর্মী। ভারি বৃষ্টি, ভূমিধস ও ধসে যাওয়া রাস্তা ত্রাণ সরবরাহে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভারী যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্স চলাচল ব্যাহত হচ্ছে।