ঝড়ে যুক্তরাজ্যে বিদ্যুৎবিচ্ছিন্ন ৯০ হাজার বাড়ি, নিহত ২

প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডজুড়ে প্রায় ৯০ হাজার বাড়ি ও স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত দুজন

শক্তিশালী মৌসুমি ঝড় ‘বোয়েলো’র আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাজ্য। প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডজুড়ে প্রায় ৯০ হাজার বাড়ি ও স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঝড়ে গাছ উপড়ে পড়ে প্রাণ হারিয়েছেন অন্তত দুজন।

এনার্জি নেটওয়ার্কস অ্যাসোসিয়েশনের (ইএনএ) তথ্য অনুযায়ী, স্কটল্যান্ড ও উত্তর ইংল্যান্ডের কিছু অঞ্চলে ঘণ্টায় ৫০ থেকে ৮৫ মাইল বেগে বাতাস বইছে। ঝড়ের তাণ্ডবে উত্তর লন্ডনে একটি গাড়ির ওপর গাছ ভেঙে পড়ে ২০ বছর বয়সী এক যুবক নিহত হন। এছাড়া স্কটল্যান্ডের ডামফ্রিস অ্যান্ড গ্যালোওয়ে এলাকায় গাছ চাপায় প্রাণ হারান ৬০ বছর বয়সী আরেক ব্যক্তি। সাম্প্রতিক দিনগুলোয় যুক্তরাজ্যে আঘাত হানা দ্বিতীয় শক্তিশালী ঝড় এটি; এর আগে ‘অস্টেন’ নামের আরেকটি ঝড়ও দেশটিতে বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি করেছিল।

ঝড়ের প্রাথমিক প্রভাব কাটতে না কাটতেই নতুন করে শক্তিশালী বাতাসের সতর্কতা জারি করেছে যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর। সোমবার সন্ধ্যা ৬টা থেকে মঙ্গলবার রাত ৩টা পর্যন্ত ইংল্যান্ডের পশ্চিম উপকূল, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডের পূর্বাঞ্চলে হলুদ সতর্কতা কার্যকর থাকবে। এরপর মঙ্গলবার রাত ৩টা থেকে স্কটল্যান্ডের উত্তরাঞ্চলেও আরেকটি হলুদ সতর্কতা জারি করা হবে।

প্রবল এ প্রাকৃতিক দুর্যোগে দেশজুড়ে যোগাযোগ ও পরিবহনব্যবস্থায় মারাত্মক বিঘ্ন ঘটছে। বিদ্যুৎ, উত্তাপ ও পানির সরবরাহ বন্ধ থাকা এবং অবকাঠামোগত ক্ষতির কারণে স্কটল্যান্ডের বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে। রেল নেটওয়ার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, স্কটল্যান্ডের ক্রিয়ানলারিচ-ওবান এবং ইনভারনেস-উইক ও থার্সো রেলপথ সাময়িকভাবে বন্ধ রয়েছে এবং লাইনগুলো সচল করতে কর্মীরা কাজ করছেন। তবে স্কটরেলের অধিকাংশ ট্রেন স্বাভাবিকভাবেই চলাচল করছে। এদিকে পশ্চিম উপকূলের ফেরি পরিচালনাকারী সংস্থা ‘ক্যালম্যাক’ জানিয়েছে, স্বল্প নোটিসে যেকোনো সময় কিছু ফেরি চলাচল বাতিল হতে পারে। পাশাপাশি ‘নর্থলিংক ফেরি’র যাত্রীদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আজও দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের অনেক এলাকায় বৃষ্টিপাত হয়েছে। পরবর্তীতে এই বৃষ্টি দ্রুত উত্তর-পূর্ব দিকে ছড়িয়ে পড়ে দুপুরের মধ্যে মধ্য, পূর্ব ও উত্তর ইংল্যান্ডসহ স্কটল্যান্ডের অধিকাংশ এলাকায় পৌঁছে যায়। রাতের দিকে বাতাসের গতিবেগ আরো বৃদ্ধি পাবে। আগামীকাল স্কটল্যান্ডের বড় অংশ, উত্তর ইংল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডে শক্তিশালী বাতাসের সতর্কতা বহাল থাকবে।

সপ্তাহের মাঝামাঝি সময়ে (বুধবার) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও আবহাওয়া পরিস্থিতির ক্রমান্বয়ে উন্নতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে সপ্তাহের শেষভাগে অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক ও স্বাভাবিক হয়ে উঠতে পারে।

আরও