চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেপুর এলাকার জেলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় জব্দ করা হয়েছে ঘাতক ট্রাকটিকে। তবে পলাতক রয়েছেন চালক ও তার সহকারী।
নিহত মোটরসাইকেলের চালক আবুল কালাম আজাদ (২৭) গোমস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী ঘোনটোলা গ্ৰামের সাদেক আলী বিশুর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফতেপুর এলাকায় একটি ভ্যানকে অতিক্রম করার সময় মোটরসাইকেলটি স্লিপ কেটে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থালেই তিনি মারা যান।
স্থানীয় লোকজন ঘটনার পর ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।