খারাপ আবহাওয়ার কারণে ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিনের উদ্দেশে যাওয়া একটি যাত্রীবাহী ফেরির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ১৪০ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। খবর বিবিসি।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে ভির্গো ট্রান্সপোর্ট-৮ নামের ফেরিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর উদ্ধার অভিযান শুরু করা হয়। ফেরিটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন। নিখোঁজ অন্য যাত্রীদের উদ্ধারে অভিযান এখনো চলছে।
ফেরিটি সুরাবায়া থেকে দক্ষিণ কালিমানতানের বানজারমাসিন শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে ফেরিটিকে বানজারমাসিনের প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে সর্বশেষ অবস্থান করতে দেখা যায়।
বানজারমাসিন অনুসন্ধান ও উদ্ধার অফিসের প্রধান আই পুতু সুদায়ানা বলেন, ‘আমরা ভার্গো ট্রান্সপোর্ট ৮ নামের জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি এবং সঙ্গে সঙ্গে সেখানে উদ্ধারকর্মী ও কেএন এসএআর লক্ষ্মণা ২৪১-কে পাঠিয়েছি।
তিনি আরো বলেন, ফেরিটির সর্বশেষ অবস্থান সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে, সেই অনুযায়ী সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী জাহাজ এবং একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। জাভা সাগরের ওই এলাকায় থাকা অন্যান্য নৌযানগুলোকেও সতর্ক করা হয়েছে।