ভ্যাটিকানে নতুন পোপ নির্বাচনের গোপন প্রক্রিয়া শুরু হওয়ার আগে বুধবার (৭ মে) সমস্ত মোবাইল ফোন সিগনাল বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছে ইতালির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর সিএনএন।
ইতালীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, সিস্টিন চ্যাপেলের আশপাশে সিগনাল জ্যামারও ব্যবহার করা হবে যাতে বাইরে থেকে কোনো ধরনের ইলেকট্রনিক নজরদারি বা যোগাযোগ সম্ভব না হয়। ওইদিন কার্ডিনালদের সিস্টিন চ্যাপেলে প্রবেশের দেড় ঘণ্টা আগে স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত ৯টায়) ফোন সিগনাল বিচ্ছিন্ন করে দেয়া হবে।
ভ্যাটিকানের তথ্যমতে, নতুন পোপ নির্বাচনের জন্য মনোনীত ১৩৩ জন কার্ডিনাল এরইমধ্যে রোমে পৌঁছেছেন। মঙ্গলবার থেকেই তারা মোবাইল ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস জমা দেবেন এবং কনক্লেভ শেষ না হওয়া পর্যন্ত সেগুলো ফিরে পাবেন না।
‘কনক্লেভ’ শব্দটির অর্থ ‘চাবিসহ বন্ধ’—এটি মধ্যযুগ থেকে চলে আসা এক অতি গোপনীয় প্রথা। এর মাধ্যমে ক্যাথলিক চার্চের নেতা নির্বাচন করা হয়। নির্বাচনী প্রক্রিয়া চলাকালে সব কার্ডিনালকে সিস্টিন চ্যাপেলে পুরোপুরি বিচ্ছিন্নভাবে রাখা হবে এবং তারা ‘চিরস্থায়ী গোপনীয়তা’ রক্ষার শপথ নেবেন।
সেন্ট পিটার্স স্কয়ারের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কার্ডিনাল ফ্রান্সিস লিও। ছবি: এপি
জনসাধারণের প্রবেশযোগ্য সেন্ট পিটার্স স্কয়ারে মোবাইল সিগনাল বন্ধ না হলেও সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থাপন করা হয়েছে চেকপয়েন্ট, মেটাল ডিটেক্টর এবং অ্যান্টি-ড্রোন ব্যবস্থা।
ভ্যাটিকানের বিবৃতিতে বলা হয়েছে, কনক্লেভ চলাকালে যেসব ইলেকট্রিশিয়ান, প্লাম্বার বা লিফট অপারেটর দায়িত্ব পালন করবেন, তারাও গোপনীয়তার শপথ নেবেন এবং পুরো সময় ভ্যাটিকানে অবস্থান করবেন, পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করবেন না।
২০১৩ সালের কনক্লেভেও এই একই ধরনের কড়াকড়ি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, যাতে পোপ ফ্রান্সিস নির্বাচিত হন।