যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার চলমান বাণিজ্য যুদ্ধ এবার নতুন মোড় নিয়েছে। দুই দেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উত্তর আমেরিকার বিখ্যাত লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ রাখার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এপি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তায় ট্রাম্প আজ বলেন, ‘কানাডার অন্টারিও প্রদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আর নাও থাকতে পারে। সেই কারণে নামটি পরিবর্তনের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।’
অন্টারিও হলো কানাডার সবচেয়ে জনবহুল ও গাড়িশিল্পের মূল কেন্দ্র। এর আগে নির্বাহী আদেশের মাধ্যমে ‘গলফ অব মেক্সিকোর’ নাম বদলে ‘গলফ অব আমেরিকা’ করেছিলেন ট্রাম্প।
সম্প্রতি দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ভেস্তে যায়। এরপরই যুক্তরাষ্ট্র কানাডার ২ হাজার কোটি ডলারের পণ্যের ওপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে। জবাবে কানাডাও পাল্টা কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয়।
উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন, ‘কানাডাকে মার্কিন নীতি মেনে চলতে হবে, অন্যথায় আরো মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।’ এছাড়া কানাডিয়ান গাড়ি, যন্ত্রাংশ ও ইস্পাতের ওপরও নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বিশ্বের অন্যতম বড় বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। গাড়ি, বিদ্যুৎ, কৃষি ও উৎপাদন খাতের সরবরাহ ব্যবস্থায় একে অপরের ওপর গভীরভাবে নির্ভরশীল দুই দেশ।