ইসলামাবাদের হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

জিও টিভির তথ্যমতে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের মৃত্যু হয়েছে

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ নবজাতক নিহত হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থায় ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়। খবর রয়টার্স।

আজ স্থানীয় সময় সকাল ৭টার দিকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের তৃতীয় তলায় মা ও শিশু স্বাস্থ্য বিভাগের একটি ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

জিও টিভির তথ্যমতে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের মৃত্যু হয়েছে।

ঘটনাটি সাম্প্রতিক বছরগুলোয় পাকিস্তানের অন্যতম ভয়াবহ হাসপাতাল অগ্নিকাণ্ড হিসেবে দেখা হচ্ছে।

ঘটনার পর হাসপাতাল এলাকা ঘিরে রেখেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানিয়েছে, হাসপাতালের বাইরে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স দেখা গেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ ঘটনায় তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত পিআইএমএস পাকিস্তানের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল। গত সপ্তাহেও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে সেখানে চিকিৎসার জন্য নেয়া হয়েছিল।

আরও